এ ক ঝ ল কে

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১২:৩৬ এএম

নিবিড় পর্যবেক্ষণে লতা মুঙ্গেশকর

গতকাল সকালের দিকে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় কিংবদন্তি গায়িকা লতা মুঙ্গেশকরের। দ্রুতই তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নেওয়া হয়। লতার শারীরিক অবস্থা শঙ্কাজনক দেখে তাকে বেলা ১টা ৩০ মিনিটের দিকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। তবে এখন তিনি ভালো আছেন। সেখানে তাকে দেখেতে গিয়েছিলেন ছোট বোন আশা ভোঁসলে। কিন্তু তিনি বাড়ি ফিরেছেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। ভারতের গণমাধ্যমগুলো এ বিষয়ে দ্বিমত পোষন করেছে

লতা মুঙ্গেশকর বেশ কয়েক বছর হলো চলচ্চিত্রের গান থেকে দূরে আছেন। তবে তিনি কয়েকটি গজল ও দেশাত্মবোধক গানের সিডি প্রকাশ করেছেন এর মধ্যে। গান থেকে দূরে থাকলেও নিয়মিত বলিউডে গানের খোঁজখবর রাখেন। দীর্ঘ সাত দশক ধরে তিনি টানা বলিউডসহ ভারতের প্রায় সব ভাষায় গান গেয়েছেন। সারা বিশে^ তার অগণিত ভক্ত রয়েছেন। এখনো তিনি ভারতের অপ্রতিদ্বন্দ্বী শিল্পী। তিনিই ভারতের একমাত্র শিল্পী যিনি ভারতরতœ সম্মানে ভূষিত হয়েছেন।

নিউ ইয়র্ক ফ্যাশন উইকে আসিফ

‘ইউ গট দ্য লুক’ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা থেকে শোবিজের অনেক জনপ্রিয় তারকার জন্ম। ২০১০ সালে আয়োজিত এই প্রতিযোগিতার শেষ আসরের বিজয়ী আসিফ আহসান খান। এরপর নিয়মিত র‌্যাম্প মডেলিং ও টিভিসিতে কাজ করেছেন। ২০১৪ সালে স্কলারশিপ পেয়ে উচ্চতর পড়াশোনা করতে পাড়ি জমান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কিংস কলেজে। পড়াশোনা শেষ করে দেশে ফিরেই দিলেন দারুণ এক খবর। দেশের প্রথম মডেল হিসেবে তিনি অংশ নিতে যাচ্ছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিউ ইয়র্ক ফ্যাশন উইকে। বিশ্ব ফ্যাশনের সবচেয়ে বড় এই শোতে অংশ নেওয়া প্রসঙ্গে আসিফ বলেন, ‘এটা আমার একার অর্জন নয়। দেশের জন্যও গর্বের। দেশকে এত বড় মঞ্চে তুলে ধরার যে আনন্দ, তা বলে বোঝাতে পারব না।’ নিউ ইয়র্ক ফ্যাশন উইকে আসিফ র‌্যাম্পে হাঁটবেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেনের ডিজাইন করা পোশাক পরে। আসিফ এখন পারিবারিক ব্যবসার পাশাপাশি মডেলিংয়ে ব্যস্ত। তবে শিগগির তার অভিষেক হবে চলচ্চিত্রের নায়ক হিসেবে। পিএইচ এন্টারটেইনমেন্টের একটি সিনেমার নায়ক হতে যাচ্ছেন তিনি। নিজেকে শতভাগ প্রস্তুত করতে আসিফ নিয়মিত শরীরচর্চা, নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। পিএইচ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য প্রথম সিনেমা ‘স্বপ্নবাজি’ এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পরের সিনেমাটিও দারুণ কিছু হবে বলে আশাবাদী আসিফ।

ফের ধর্ষণের অভিযোগে পোলানস্কি

ফের ধর্ষণের অভিযোগ উঠেছে অস্কারজয়ী পরিচালক রোমান পোলানস্কির বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ষাটোর্ধ্ব এক নারী। ভ্যালনতিন মুনিয়ের নামের ফরাসি ওই প্রাক্তন মডেল ও অভিনেত্রী প্যারিসের এক সংবাদপত্রকে জানিয়েছেন, পোলানস্কিকে চিনতেন না তিনি। ১৯৭৫ সালে সুইস আল্পসে স্কি করতে গিয়ে এক বন্ধু তাকে পোলানস্কির বাড়িতে থাকার আমন্ত্রণ জানান। স্কি করার পর রাতে পোলানস্কি তাকে নিজের ঘরে ডাকেন। তার ঘরে গিয়ে দেখেন, সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন পোলানস্কি। ঘরে ঢোকার পর মুনিয়েরকে আঘাতও করেন পোলানস্কি। এরপর জোর করে তাকে নগ্ন করে একটি ট্যাবলেট খেতে দেন। তারপর ভ্যালেনতিনকে ধর্ষণ করেন পোলানস্কি। মুনিয়ের জানিয়েছেন, ঘটনার পর কাঁদতে থাকেন পরিচালক। এমনকি, তার কাছে ক্ষমাও চেয়ে নেন। তবে এই ঘটনার কথা দীর্ঘদিন প্রকাশ্যে আনেননি মুনিয়ের। তার দাবি, ঘটনার পর প্রাণভয়ে এ কথা প্রকাশ করেননি তিনি। এই প্রথম নয়, এর আগেও বহুবার পোলানস্কির বিরুদ্ধে যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। ৮৬ বছরের পরিচালকের বিরুদ্ধে ইতিমধ্যেই ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে যৌনতার অভিযোগ রয়েছে।

বৈশাখীর নতুন ধারাবাহিক ‘বউ-শাশুড়ি’

বৈশাখী টেলিভিশনে আগামী ২৩ নভেম্বর থেকে সপ্তাহে তিন দিন (শনি, রবি ও সোম) রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নতুন দীর্ঘ ধারাবাহিক ‘বউ-শাশুড়ি’। নাটকটি নির্মাণ করেছেন আকাশ রঞ্জন। গল্প লিখেছেন চ্যানেলটির উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন। তিনি বলেন, ‘বউ-শাশুড়ির মধ্যে সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের। মা এবং বউয়ের মন রক্ষা করতে গিয়ে ছেলেটিেেক প্রতিনিয়ত ফুটবলের মতো চক্কর খেতে হয়। এমন ঘটনা প্রায় প্রতিটি পরিবারের মধ্যেই বিরাজমান। অথচ শাশুড়ি যদি তার ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তার শাশুড়িকে মায়ের মতো মনে করতেন তাহলে এমন অশান্তি হয় না। মূলত এ তাগিদ থেকেই বউ-শাশুড়ি নাটকের গল্পটি লিখেছি। আমি মনে করি বিগত দিনে দর্শক আমার লেখা গল্পের নাটক যেভাবে গ্রহণ করেছেন এ নাটকটিও তাদের ভালো লাগবে।’

নাটকটিতে বউ ও শাশুড়ি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনেত্রী অহনা ও মুনিরা মিঠু। ছেলের চরিত্রে রয়েছেন অবাক রায়হান। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজসহ অনেকেই।

আলোচনায় দীপিকার ব্যাগের দাম

বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন শুধু অভিনয় নয়Ñ পোশাক, জুতা, ব্যাগ, অলঙ্কার দিয়েও সবার নজর কাড়েন। এবার তার একটি ব্যাগ সবাইকে চমকে দিয়েছে। তবে এর দাম শুনলে আরও অবাক হতে হবে। সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। নিজের শহর বেঙ্গালুরুর উদ্দেশে পাড়ি দেন দীপিকা। সেদিন পরেছিলেন ছাই রঙা টার্টেল নেকের ঢিলেঢালা টপ। আর একই রঙের ফ্লেয়ার্ড বটম ট্রাউজার। তার চোখে ছিল মানানসই রোদচশমা, পায়ে ছিল হালকা বাদামি রঙের জুতা। সেদিনও দীপিকা ছিলেন ভীষণ স্টাইলিশ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতের ব্যাগটি। লুই ভিতোর এই ট্রাভেল ব্যাগটির দাম শুনলে অবাক হতেই হবে। ব্রাউন রঙের এই ট্রাভেল ব্যাগের দাম ১ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা। আর এই দামে আজ যে কেউ ৩৭ গ্রাম সোনা কিনতে পারবেন। বিয়ের পর দীপিকাকে প্রথম দেখা যাবে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে তাকে দেখা যাবে ‘এইটি থ্রি’ সিনেমায়। সম্প্রতি শোনা গেছে, ‘মহাভারত’ ছবিতে তিনি দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন।

যে কারণে স্বামীর পোশাক পরেন আনুশকা

স্বামী বিরাট কোহলির আলমারি থেকে মাঝেমধ্যেই নাকি জামা ধার করে পরেন বলিউড সুন্দরী আনুশকা শর্মা! সম্প্রতি এক ম্যাগাজিনে সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, ‘বিরাটের আলমারি থেকে মাঝেমধ্যেই অনেক কিছু নিয়ে পরি আমি। যেমন ধরুন কখনো ওর টি-শার্ট, আবার কখনোবা জ্যাকেট।’ কিন্তু কেন স্বামীর পোশাক ধার করে পরেন তিনি? আনুশকা জানিয়েছেন, স্ত্রী যখন তার জামা পরে তখন নাকি মনে মনে বেশ খুশিই হন ভারত অধিনায়ক। শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারে বিয়ের দিন নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও নানা অজানা তথ্য ফাঁস করেন আনুশকা। তিনি বলেন, ‘বিয়ের ট্র্যাডিশনাল লাল পোশাক আমি পরতে চাইনি। আমার পছন্দ ছিল পিঙ্ক। সেভাবেই ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় আমার লেহেঙ্গা বানিয়েছিলেন। কিন্তু রিসেপশনে হয়েছিল ঠিক তার উল্টো। জমকালো গহনা, লাল শাড়িতে সেজেছিলাম। পাল্লা দিয়ে বিরাটও পরেছিলেন ম্যাচিং শেরোয়ানি (হা হা হা)।’

২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। বছর দুই ঘুরলেও তাদের সম্পর্কের সমীকরণ আজও একই রকম। দুজনেই বুঁদ পরস্পরের প্রতি ভালোবাসায়।

ব্যথায় কাবু দিশা

তিন ঘণ্টার সিনেমার জন্য তিন হাজার ঘণ্টা রিহার্সেল করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। বিশেষ করে গানের শ্যুটিংয়ে দীর্ঘ সময় ধরে ফিটনেস ও এক্সপ্রেশনের পাঠ নিতে হয়। অনেক সময় চ্যালেঞ্জিং কিছু করতে গিয়ে আহত হন অভিনয়শিল্পীরা। সম্প্রতি নাচের রিহার্সেল করতে গিয়ে তেমনটাই হয়েছে বলিউড অভিনেত্রী দিশা পাটানির। হাঁটুতে চোট লেগে রীতিমতো কাবু নায়িকা। বর্তমানে সালমান খানের পরবর্তী সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর জন্য একটি গানের রিহার্সেলে ব্যস্ত দিশা। নাচটি তাকে শেখাচ্ছিলেন এই সিনেমার পরিচালক ও ড্যান্স কোরিওগ্রাফার প্রভু দেবা। বারবার নাচের একটি স্টেপ করতে গিয়ে আটকে যাচ্ছিলেন দিশা। কিন্তু রপ্ত না করে ছাড়ার পাত্রী তিনি নন। নাচের সেই স্টেপটি তুলতে গিয়েই দুই হাঁটুতে চোট পান নায়িকা। দিশা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তার হাঁটু ব্যথার ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রভু দেবা স্যারের জন্যই এমন অবস্থা।’ সালমান খানের সঙ্গে দিশার ‘রাধে’ কোরিয়ান সিনেমা ‘দ্য আউটলজ’-এর রিমেক। ৪ নভেম্বর থেকে শুরু হয় শ্যুটিং। মুক্তি পাবে ২০২০ সালের ঈদুল ফিতরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত