চার দিনের সফরে আজ নেপাল যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০২:৫৯ এএম

চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার দুপুরে নেপাল যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বাসসকে বলেছেন, ‘নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর আমন্ত্রণে রাষ্ট্রপতি হামিদ আগামীকাল (আজ) চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।’

সফরের সময়সূচি অনুসারে, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট (নং বিজি ৭১) আজ দুপুরে হযরত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে যাত্রা করবে।

বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বিমানবন্দরে রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভ্যর্থনা জানাবেন।

সফরকালে রাষ্ট্রপতি হামিদ কাঠমান্ডু ম্যারিয়ট হোটেলে অবস্থান করবেন। এই সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। নেপালের প্রেসিডেন্ট ভান্ডারী বাংলাদেশের রাষ্ট্রপতি ও তার প্রতিনিধিদলের সম্মানে ভোজের আয়োজন করবেন।

অন্যান্য কর্মসূচির মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতীয় পরিষদের চেয়ারপারসন এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নেপালের অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। প্রেস সচিব আরও জানান, আবদুল হামিদ পোখারা ও কাঠমান্ডুর ঐতিহাসিক, প্রতœতাত্ত্বিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত