ম্যাচ ফিক্সিং সাম্প্রতিক সময়ে ভালোই বিপদে ফেলেছে ক্রিকেট বিশ্বকে। কিছুদিন আগে জুয়াড়ির কথা না জানানোয় শাস্তি পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দু’বছর আগে শ্রীলঙ্কান ক্রিকেটে ম্যাচ পাতানো নিয়ে হস্তক্ষেপ করেছিল আইসিসি। সেই ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জয়সুরিয়াও। এমন সব ঘটনার পর দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ম্যাচ পাতানোকে ফৌজদারি আইনে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব পাস করেছে শ্রীলঙ্কার পার্লামেন্ট। এমনকি ম্যাচ পাতানোর দায়ে কেউ অভিযুক্ত হলে তার সর্বোচ্চ ১০ বছর জেলের সাজাও হতে পারে।
ফিক্সিং থেকে ক্রিকেটকে বাঁচাতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো বিলটি উত্থাপন করেন। তাকে সমর্থন জানান সংসদ সদস্য ও সাবেক লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। পরে সর্বসম্মতিক্রমে বিল পাস হয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আইনে পরিণত হবে। প্রস্তাবিত বিলে শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাতেই ম্যাচ পাতানোর বিষয়কে দেশের ফৌজদারি আইনের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়।
