জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে ইঙ্গিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই সম্মেলন উদ্বোধনের আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের সঙ্গ চেয়ার ছোড়াছুড়ি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালন করেন সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মতিউর রহমান মতি, গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রশংসা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নূর হোসেন হত্যাকাণ্ড গণতন্ত্রের সংগ্রাম হত্যা করার জন্য দেশ ও জাতি জানে। নূর হোসেনের প্রতিও বিরূপ মন্তব্য কেউ কেউ আজ করেন। তিনি বলেন, আমাদের নেত্রীর বদৌলতে যারা রাজনীতিতে অক্সিজেন পেয়েছেন, তারা নেত্রীকেও কটাক্ষ করেন। কথা মুখ থেকে ফসকে গেলে মুখে আর ফিরে আসে না। যত সরি বলা হোক, যতই অ্যাপোলাইজ করা হোক এ ধরনের দায়িত্বহীন মন্তব্য, কটাক্ষ আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে দেয়। বাংলাদেশে শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেত্রী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার প্রতি কোনো কটাক্ষ করলে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের বহু মানুষের অনুভূতিকে কটাক্ষ করা হয়। তাকে আপনারা কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনো বলা হয় মুজিব গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে। এই রকম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিএনপি আজ দিয়ে যাচ্ছে। আরও অনেকেরই অতীতের অনেক ঘটনা আছে। পঁচাত্তরের পনেরই আগস্টের খুনের দায় বিএনপি কোনোভাবে এড়াতে পারে না। তিনি বলেন, এই খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা। এই খুনিদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই খুনিদের যাতে বিচার না হয় তার জন্য কুখ্যাত ইনডেমনিটি জারি করেছিল জিয়াউর রহমান।
