বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা নিকোলাস পুরান। দেশের হয়ে পরবর্তী ৪ টি টি-টোয়েন্টি খেলতে পারবেন না এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
গত সোমবার লখনউতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মুখোমুখি হয় ক্যারিবীয়রা। এই ম্যাচেই পুরানের বিরুদ্ধে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টার অভিযোগ ওঠে। এরপরই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নির্বাসনে পাঠাল এই তারকা ব্যাটসম্যানকে।
আইসিসি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘আইসিসির কোড অফ কনডাক্টের নিয়মভঙ্গ করে তা স্বীকারও করে নিয়েছিলেন পুরান। তারপরেই চার ম্যাচ সাসপেন্ড করা হলো নিকোলাস পুরানকে।’
আইসিসি-র ২.১৪ নম্বর ধারা অনুযায়ী পুরানকে শাস্তি দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পরবর্তী চারটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ সহ ৫টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে পুরানের নামের পাশে।
পুরানের বল টেম্পারিং করার চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, পুরান নখ দিয়ে বল ঘষে ওপরের আস্তরণ তোলার চেষ্টা করছেন।
আফগানিস্তানের বিপক্ষে গত সোমবারই ওয়ানডে সিরিজ ৩-০ তে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
নিষিদ্ধ হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পুরোটা মিস করবেন পুরান। খেলতে পারবেন না ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও।
