দুই বাংলায় আইরিন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১১:৫৫ পিএম

জনপ্রিয় মডেল ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। মুক্তির তৃতীয় সপ্তাহেও বেশকিছু প্রেক্ষাগৃহে চলবে তার অভিনীত ‘পদ্মার প্রেম’ সিনেমাটি। কয়েকটি সিনেমা রয়েছে হাতে। সম্প্রতি শেষ করে এসেছেন কলকাতার স্থানীয় একটি সিনেমার শ্যুটিং। তাকে নিয়ে লিখেছেন মাসিদ রণ। ছবি : নূর

সত্তর দশক পরবর্তী সময়ে পদ্মা পাড়ে বসবাসরত মানুষের দিনযাপন নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘পদ্মার প্রেম’। পরিচালনা করেছেন হারুন-উজ-জামান। এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আইরিন ছাড়াও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো ও সুমিত সেনগুপ্ত। কলকাতায় মুক্তির পর দেশের ১৯ প্রেক্ষাগৃহে গত ১ নভেম্বর সিনেমাটি মুক্তি পায়। উপচেপড়া ভিড় না থাকলেও ভালো চলছে ‘পদ্মার প্রেম’। তাইতো মুক্তির তৃতীয় সপ্তাহেও বেশকিছু প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। দেশের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, ‘হাউজফুল না গেলেও এভারেজ দর্শক আছে। শুক্রবার, শনিবার বেশ দর্শক ছিল। ছবি ভালো। ব্যবসায়িক হিসেব বাদ দিলে ‘পদ্মার প্রেম’ বিভিন্ন ফেস্টিভ্যালে এগিয়ে থাকবে।’

চলচ্চিত্রের এই মন্দা বাজারেও তৃতীয় সপ্তাহে নিজের সিনেমা চলছে, বিষয়টি নিয়ে খুব খুশি আইরিন। তিনি বলেন, ‘আসলে ভালো সিনেমা দর্শক দেখে। আমরা সেভাবে প্রচারণা করতে পারিনি। তারপরও সিনেমাটি দর্শক গ্রহণ করেছে জেনে খুব ভালো লাগছে।’

আইরিন এই সিনেমাতেই প্রথমবারের মতো নিজের গ্ল্যামারাস ইমেজ ভেঙে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। নতুন নতুন চরিত্র কীভাবে নিজের মধ্যে ধারণ করেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে মেথড অ্যাক্টর নই। একটি গল্প পেলে খুব ভালো করে পড়ি। সেটা থেকে বুঝে নিজেই একটা আদল তৈরি করি চরিত্রের। আর সিনেমার ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ হলেন পরিচালক। তার একটি দৃষ্টিকোণ থাকে। নিজের আর পরিচালকের ভাবনার মিশেলে চরিত্র তৈরি করি।’

সম্প্রতি কলকাতার একটি সিনেমায় অভিনয় করে এসেছেন আইরিন। রাজাদিত্য ব্যানার্জি পরিচালিত এই সিনেমার নাম ‘শিবরাত্রী’। তার সহশিল্পীও পরিচালক। আরও আছেন সুমন ব্যানার্জি। সিনেমাটি অনেকটাই থ্রিলার ধাঁচের। আইরিন জানান, এ সিনেমায় তার চরিত্রটি রহস্যে ভরা। তাই এখনই এ নিয়ে তেমন কিছু বলতে চান না। শুধু এটুকু জানালেন, তার চরিত্রটি একজন স্কুল শিক্ষকের। তবে সাজ পোশাকে কিছুতেই শিক্ষক মনে হবে না। মেয়েটি বিবাহিত, তাও বোঝা যাবে না বাইরে থেকে। তার একটা সংগ্রাম রয়েছে গল্পে।

দুই বাংলায় কাজের পার্থক্য কী জানতে চাইলে আইরিন বলেন, ‘প্রথমত, কলকাতা টেকনিক্যাল দিক দিয়ে অনেক এগিয়ে। দ্বিতীয়ত, তারা আমাদের থেকে অনেক বেশি পেশাদার। প্রতিটি সেক্টরের মানুষ জেনে-বুঝে তার কাজটি করেন। আমাকে ১৪ দিনের সিডিউলে নিয়ে গিয়েছিল। কিন্তু ১৩ দিনেই আমার সব কাজ শেষ হয়ে যায়। এতটাই গুছিয়ে কাজ করে তারা। আমি সিনেমাটি নিয়ে আশাবাদী। গতানুগতিক সিনেমার বাইরের একটি গল্পে কাজ করেছি। বাকিটা দর্শকের ওপর ছেড়ে দিতে চাই।’

আইরিন অভিনীত ‘গন্তব্য’ সিনেমাটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে তার নায়ক ফেরদৌস আহমেদ। কিন্তু অজানা কারণে পরিচালক সিনেমাটি মুক্তি দিচ্ছেন না। এছাড়া বাপ্পী চৌধুরীর সঙ্গে করছেন ‘ভোলা’ শিরোনামের একটি সিনেমা। শফিকুল ইসলাম সোহেলের পরিচালনায় এ সিনেমার শুধু গান আর অল্প কিছু দৃশ্য বাকি আছে। বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ সিনেমাটিও প্রায় শেষের পথে। অনন্য মামুন পরিচালিত ‘পার্টনার’ মুক্তি পাবে শিগগিরই। এতে তিনি একজন প্রকৌশলীর চরিত্র করেছেন। তার নায়ক রিও।

সিনেমার বাইরে সম্প্রতি একটি ডকুমেন্টারি ফিল্মে কাজ করেছেন। এর নাম ‘থার্টি ফাইভ মিলিমিটার’। সিনেমা জগতের গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত