অস্ট্রেলিয়ায় টিপু মুনশি

বাণিজ্য বাড়াতে ওয়ার্কিং গ্রুপ হচ্ছে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১১:১৬ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশে পাওয়ার অ্যান্ড এনার্জি, কৃষি, শিক্ষা, ফার্মাসিউটিক্যাল সেক্টরে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে লাভবান হবেন। এসব সেক্টরে বাংলাদেশে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুততম সময়ের মধ্যে দুই দেশের মধ্যে  জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। অস্ট্রেলিয়ায় সফররত বাণিজ্যমন্ত্রী গত বুধবার অস্ট্রেলিয়ায় সে দেশের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সহকারী মন্ত্রী মার্ক কোলশনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় এসব কথা বলেন। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ১০০ স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। এসব ইকোনমিক জোনে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইলে বাংলাদেশ সরকার অগ্রাধিকার ভিত্তিতে জমি বরাদ্দ দেবে। এ সময় অস্ট্রেলিয়ায় বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সহকারী মন্ত্রী বলেন, উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।  এ ওয়ার্কিং গ্রুপ বসে অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়নে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, নিয়মিতভাবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বসবে। উভয় দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য নীতিনির্ধারক এবং সুবিধাভোগীদের মধ্যে সমন্বয় সাধন করা খুবই জরুরি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শফিউর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত