তাজিক অধিনায়ক নাজারভকে আনছে বসুন্ধরা কিংস

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০১:০১ এএম

প্রাক মৌসুম প্রস্তুতির শুরুতেই খেলা শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে রক্ষণভাগ নিয়ে ভালোই ভুগতে হয়েছিল বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। রক্ষণের দুর্বলতা কাটাতে দলটি নিয়ে আসছে তাজিকিস্তান দলেরর অধিনায়ক নাজারভ আখতামকে। আজই তারা ঢাকা পা রাখার কথা রয়েছে। তবে খুব কম সময়ের জন্যই তিনি থাকছেন। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেই তিনি ফিরে যাবেন জাতীয় দলের ক্যাম্পে মঙ্গলবার কিরগিজস্তানের বিপক্ষে বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য।

২৭ বছর বয়সী নাজারভ মূলত লেফট ব্যাক পজিশনে খেলেন। তাকে নিয়ে কিংসে বিদেশির সংখ্যা বেড়ে দাঁড়াল চারে। এর আগে কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস, কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার দুইশবেখভ এবং লেবানিজ স্ট্রাইকার জাকাল কদৌকে নিশ্চিত করেছিল তারা। নাজারভের কিংসে নাম লিখানো নিশ্চিত করে ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বলেন, ‘তাকে নেওয়ার মধ্য দিয়ে আমাদের দু’জন এশিয়ান ফুটবলার হলো। সুবাদে একজন চোট পেলে আরেকজনকে খেলানো যাবে। তাছাড়া রক্ষণভাগে নাজারভকে সেন্টারব্যাক পজিশনেও খেলানো যাবে।’

 

বঙ্গমাতা ভলিবলে চ্যাম্পিয়ন নেপাল

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। স্বাগতিক বাংলাদেশ হয়েছে চতুর্থ। গতকাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নেপাল ৩-০ সেটে হারিয়েছে মালদ্বীপকে। প্রথম সেটে ২৫-১৩, দ্বিতীয় সেটে ২৫-১২, তৃতীয় সেটে ২৫-৮ ব্যবধানে জয় পায় নেপাল। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। অপরদিকে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এদিন ৩-০ সেটে জয় তুলে নেয় কিরগিজস্তান। এর আগে কিরগিজস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সব মিলিয়ে ৫ ম্যাচে ২ জয় ও ৩ হার নিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত