বাবার হয়ে ক্ষমা চাইলেন রাঙ্গার মেয়ে জুঁই

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০৩:২০ এএম

জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসমিন জুঁই এবার বাবার হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। গত মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, শহীদ নূর হোসেন সম্পর্কে তার বাবা যে বক্তব্য

দিয়েছেন তা মানুষ হিসেবে ভুল করেছেন। এমন কথা বলাটা ঠিক করেননি, খুব খারাপ করেছেন। মানুষ মাত্রই ভুল করে। মানুষ হিসেবে তার বাবাও ভুল করেছেন। মানুষের মনে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন। এমন বক্তব্যের জন্য মেয়ে হিসেবে তার বাবা রাঙ্গার পক্ষ থেকে তিনি ভিডিওতে দেশবাসী, নূর হোসেন ও তার পরিবারের কাছে ক্ষমা চান।

গত রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে নব্বইয়ের গণঅভ্যুত্থানের শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ মাদকাসক্ত মন্তব্য করায় বেশ তোপের মুখে পড়েন মশিউর রহমান রাঙ্গা। এ নিয়ে ঘরে-বাইরে নানা সমালোচনা শুনতে হচ্ছে তাকে। গত মঙ্গলবার সংসদ অধিবেশনে রাঙ্গার কঠোর সমালোচনা করেন সরকার ও বিরোধীদলীয় সদস্যরা। ওই বক্তব্য প্রত্যাহার ও সংসদে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। পরের দিন সংসদে প্রকাশ্যে ক্ষমা চান রাঙ্গা। এর আগে এক বিবৃতিতেও তিনি এমন মন্তব্যের জন্য শহীদ নূর হোসেনের পরিবারসহ সবার কাছে দুঃখ প্রকাশ করেন। অবস্থা এমন হয়েছে যে, এর জন্য দলের ও সংসদের পদ নিয়েও সংকটে পড়েছেন তিনি।

ফেইসবুকের ভিডিওতে মালিহা তাসমিন জুঁই বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি মালিহা তাসমিন জুঁই মসিউর রহমান রাঙ্গা সাহেবের মেয়ে। আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। জানি আপনারা আমার বাবার ওপর রাগ করেছেন। আমার ওপরও রাগ করবেন, কারণ আমি ওনার মেয়ে। আমি আপনাদের কাছ থেকে ৫ থেকে ১০ মিনিট সময় নেব। দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন। একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বোঝার জন্য একটু চেষ্টা করবেন। আমি বলতে আসিনি যে, আমার বাবা যা বলেছেন সেটা সঠিক। আমার বাবা যেটা বলেছেন সেটা খারাপ বলেছেন। সেটি কষ্টদায়ক বিষয়। আমি ওনার মেয়ে হিসেবে দেশবাসী, নূর হোসেন ও তার পরিবারের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি।’

রাঙ্গার মেয়ে আরও বলেন, মানুষ আসলে রাগের বসে অনেক কিছু করে থাকেন। একজনের রাগ অন্যজনের ওপর ঝাড়েন। এটা অনেক সময় হয়। আসলে শনিবার রাতে একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার একটু ঝামেলা হয়। বাবা আমাকে অনেক ভালোবাসেন। অনেক আদর করেন। এরপরও ওই দিন রাতে ছোট একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার রাগারাগি হয়। বিষয়টি নিয়ে আমাকে বকাঝকা করেন বাবা। এ নিয়ে ওইদিন রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন রবিবার সকালে ঘরের কাউকে কিছু না বলে এমনকি নাশতা না করে বাইরে চলে যান। পরে আমি বুঝতে পারলাম আমার ওপর অনেক রাগ করেছেন বাবা।

তিনি বলেন, এরই মধ্যে ওই দিন সকালে পার্টি অফিসে গিয়ে নেতাকর্মীর কাছে বাবা শুনতে পান গণতন্ত্র দিবসে কিছু লোক বলেছেন, ‘এরশাদের দুই গালে জুতা মার তালে তালে’। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এইচএম এরশাদ সম্পর্কে এসব কথাবার্তা শোনার পর বাবার মাথা ঠিক ছিল না। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। কারণ এরশাদকে নিজের বাবার মতো জানেন আমার বাবা। এজন্য প্রতিক্রিয়া জানতে গিয়ে নূর হোসেনকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করে বসেন বাবা। বাবার বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাবার হয়ে আমি সবার কাছে ক্ষমা চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত