সুরকার হিসেবে প্রথমবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আগামীকাল ১৭ নভেম্বর বরেণ্য এই শিল্পীর জন্মদিন। এ প্রসঙ্গ নিয়ে সম্প্রতি রুনা লায়লা কথা বলেছেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন পাভেল রহমান
সুরকার হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার...
পাঁচ দশকেরও বেশি সংগীতজীবনে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছি। কিন্তু কখনো গান সুর করা হয়নি। হঠাৎ করেই শখের বশে গানটি সুর করেছিলাম। ‘গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাব’Ñ এমন কথার গানটি পরে আলমগীর সাহেব তার ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে ব্যবহার করেছেন। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। কণ্ঠ দিয়েছে আঁখি আলমগীর। সিনেমার দৃশ্যে ঋতুপর্ণা ঠোঁট মিলিয়েছেন। প্রথমবার গান সুর করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াটা তো ভীষণ আনন্দের। আমি খুবই আনন্দিত।
সুরকার হিসেবে নিয়মিত হবেন?
আপাতত ইচ্ছা নেই। এই গানটা শখের বশেই সুর করেছিলাম। আঁখি আমাকে একদিন বলেছিল গানের সুর করতে। সে আমার সুর করা গান গাইতে চায়। আমি বললাম, সুর সৃষ্টি করা তো কঠিন ব্যাপার। আমি কোনো দিন তা করিনি।
পরে এই গানটার মুখটা সুর করে শোনালাম। আলমগীর সাহেব শুনে বললেন, এটা সিনেমাতে ব্যবহার করবেন। তখন সেখানে বসেই অন্তরাটা সুর করে ফোনে রেকর্ড করে নিলাম। পরে সেটি রেকর্ড করা হলো। আঁখি অনেক সময় দিয়েছে গানটিতে কণ্ঠ দিতে গিয়ে।
জন্মদিন প্রসঙ্গে...
আমার তো সেভাবে জন্মদিন উদযাপন করা হয় না। পারিবারিকভাবেই জন্মদিন কাটাব। কাছের মানুষেরা আসবে, আত্মীয়স্বজনদের নিয়েই দিনটা কাটাব। জন্মদিনে কোথাও তেমন ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপাতত নেই। বড় কোনো আয়োজনও নেই। নিজেদের মানুষদের নিয়েই দিনটা কাটাব।
সংগীতাঙ্গন নিয়ে মূল্যায়ন...
এখন তো আমি নিজেই সংগীতাঙ্গনে খুব বেশি নিয়মিত নই। তবে এ সময়ে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে। তারা ভালো গান করছে। এখন গান আর সিডিতে প্রকাশ হচ্ছে না। ডিজিটাল মাধ্যমেই প্রকাশ হচ্ছে। নতুন ধারা তৈরি হয়েছে গানের সঙ্গে ভিডিও তৈরি করা। তবে আমি বলব, মূল জায়গাটা তো গান। গান যদি ভালো না হয়, তবে ভিডিও ভালো হলেও গানটা হারিয়ে যায়। গান যদি ভালো হয়, তবে লোকজন গান শুনবেও, দেখবেও। গানের ভিডিও কতজন দেখল সেটা দিয়ে তো গানের মান বিচার হয় না।
অন্যান্য ব্যস্ততা...
এখন দুটি গানের প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। সেটা এখনই জানাতে চাই না। আরেকটু সময় নিয়ে সবাইকে জানাব। এটা সিনেমার গান নয়, অ্যালবামও নয়। কাজটা একটু গুছিয়ে নিয়ে সবাইকে বলতে চাই। এছাড়া ব্যক্তিজীবনের ব্যস্ততা আছেই। সবাইকে নিয়ে বেশ ভালো আছি।
