দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০২:৪২ এএম

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে নেপাল থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরেন তিনি। বিকেল সোয়া ৫টায় ঢাকার উদ্দেশে কাঠমান্ডু ছাড়েন আবদুল হামিদ। সেখানে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। রাষ্ট্রপতিকে এ সময় গার্ড অব অনার দেওয়া হয়। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে স্বাগত জানান। এ ছাড়া ডিপ্লোমেটিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নেপালের প্রেসিডেন্টের আমন্ত্রণে গত মঙ্গলবার কাঠমান্ডু পৌঁছান আবদুল হামিদ। ওই দিন ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যভুক্ত

ভক্তপুর দরবার স্কয়ারে যান তিনি। বুধবার নেপালের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রাষ্ট্রপতি। পরে বিদ্যাদেবীর  দেওয়া নৈশভোজেও অংশ নেন তিনি। একই দিন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিও বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া নেপালের ভাইস প্রেসিডেন্ট নন্দ বাহাদুর পুন, নেপাল পার্লামেন্টের উচ্চকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারপারসন গণেশ প্রসাদ তিমিলসিনা, বিরোধীদলীয় নেতা ও নেপালি কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবা, সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল (প্রচ-) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

বিদ্যাদেবী ও আবদুল হামিদের দ্বিপক্ষীয় বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে জোরালো পদক্ষেপ নিতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয় বাংলাদেশ ও নেপাল। এ ছাড়া জলবিদ্যুৎ, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক, জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানো এবং কানেকটিভিটি বাড়াতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। স্ত্রী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে পোখারা যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে মনোরম ফেওয়া লেক ও হিমালয় পর্বতমালার সৌন্দর্য উপভোগ করেন তারা। পরে স্থানীয় রুপাকোট রিসোর্টে গিয়ে কিছু সময় কাটান রাষ্ট্রপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত