আয়কর মেলার ৩ দিন

আয় ১০৬৪ কোটি টাকা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০২:৫১ এএম

শনিবার পর্যন্ত তিন দিন রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৬৪ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৯৩৩ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ তথ্য জানানো হয়। এনবিআর জানায়, আয়কর মেলায় এ পর্যন্ত রিটার্ন দাখিল ২ লাখ ২১ হাজার ৬৪৯টি। সেবা গ্রহণ করেছেন ৬ লাখ ৭৬ হাজার ৩৮২ জন করদাতা। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন ১১ হাজার ৯৭৯ জন। শনিবার রাজস্ব আদায় হয়েছে ২৬২ কোটি ২ লাখ ৯২ হাজার ২৫১ টাকা। এই দিন রিটার্ন দাখিল হয়েছে ৮৪ হাজার ৫৩৪টি।  সেবা গ্রহণ করেছেন ২ লাখ ৭১ হাজার ৯৪০ জন করদাতা। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন ৪ হাজার ১১ জন।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, মেলায় করদাতাদের উপস্থিতি বাড়ছে। রাজস্ব দিতে জনগণের আগ্রহও বাড়ছে। উৎসবের আমেজে হয়রানি ছাড়াই রিটার্ন জমা দিচ্ছেন। বিশেষ করে নারী করদাতাদের মেলাতে উপস্থিতি ছিল লক্ষণীয়।

মেলার বিশেষ আকর্ষণ মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে সম্মানিত করদাতারা রকেট, নগদ, বিকাশ ও প্রযোজ্য শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন। ঢাকার মেলায় করদাতাদের সুবিধার্থে ৫২টি আয়কর রিটার্ন বুথ, ৫৩টি হেল্প ডেস্ক, ব্যাংক বুথ (সোনালী ব্যাংক ১৩টি, জনতা ব্যাংক ৫টি এবং বেসিক ব্যাংক ৪টি), ই-পেমেন্টের জন্য ৩টি, ই-ফাইলিংয়ের জন্য ২টি বুথ পৃথক রয়েছে। এছাড়া মেলায় আগত করদাতাদের তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটি মেডিকেল বুথ রয়েছে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত