বেলারুশকে উড়িয়ে ইউরোর মূল পর্বে জার্মানি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৯:১৭ এএম

টনি ক্রুসের জোড়া গোলে বাছাই পর্বে বেলারুশকে হারিয়ে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। রেকর্ড টানা তেরোবার প্রতিযোগিতাটির মূল পর্বে উঠল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিজেদের মাঠে শনিবার রাতে ‘সি’ গ্রুপে নিজেদের সপ্তম ম্যাচে বেলারুশকে ৪-০ গোলে হারায় জার্মানি। ক্রুসের জোড়া গোল ছাড়া একবার করে জালের দেখা পান মাথিয়াস গিনটার ও লিওন গোরেৎস্কা।

২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ ব্যবধানে জার্মানির উড়িয়ে দেওয়ার ম্যাচের পর এই প্রথম ফের জোড়া গোলের দেখা পেলেন ক্রুস। বেলারুশের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি গোরেৎস্কার গোলেও অবদান রাখেন এই মিডফিল্ডার।

বেলারুশের বিপক্ষে  শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পেতে বেশ সময় লেগেছে। ৪১তম মিনিটে সতীর্থ সের্গি জিনাব্রির কর্নার থেকে গোলপোস্টের ছয় গজ দূরে বল পেয়ে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন জিন্টার। বিরতি থেকে ফেরার চতুর্থ মিনিটে ক্রুসের পাসে ব্যবধান দ্বিগুণ করেন গরেৎস্কা। শেষ দুটি গোল করেন ক্রুস।

এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে জার্মানি। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে গ্রুপের অপর ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করা নেদারল্যান্ডস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত