শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
ভবনের নকশা বহির্ভূত অতিরিক্ত অংশ অপসারণে রাজধানীর নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে অনিয়ম চিহ্নিত করে ঢালিউড সুপারস্টারকে জরিমানা করা হয়।
সকাল থেকে নিকেতন এলাকায় অভিযান চলছে। শাকিবকে জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।
ওই এলাকায় রয়েছে কিং খানের নির্মাণাধীন ভবনটি। যার সামনে সাইনবোর্ডে লেখা আছে ক্রয় সূত্রে জমির মালিক শাকিব খান রানা। পাশাপাশি হোল্ডিং নম্বর উল্লেখ করা আছে।
শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে বাড়ির নকশা সংক্রান্ত অসংগতি ধরা পড়ে। এ কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের তদন্তে দেখা যায়, ওই বাড়ির ছাদটি নকশা মেনে করা হয়নি।
এদিকে বর্তমানে দেশের বাইরে আছেন শাকিব খান। সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি।
