কোনো মহলের চাপে সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন অকার্যকর করা যাবে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়ক পরিবহন আইন যেন সহনীয় পর্যায়ে কার্যকর করা হয়, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’ গতকাল সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে সড়ক পরিবহন আইন কার্যকর হলেও গতকাল (১৮ নভেম্বর) থেকে তা বাস্তবায়ন হচ্ছে। এ আইন কাউকে শাস্তি দিতে নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে ব্যবহার করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এ আইন আরও দেরিতে বাস্তবায়নের জন্য বিভিন্ন মহল থেকে চাপ এসেছিল। সেই চাপ বিবেচনা করেই এই ১৫-১৬ দিন বাড়তি সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আর সময় দেওয়া যাবে না।’
বিএনপি এমওইউ-চুক্তি বোঝে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপিতে অনেক বিজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তি আছেন নেতৃত্বে। আমি অবাক হয়ে যাই তারা এমওইউ ও চুক্তির মধ্যে পার্থক্য, এটা বোঝেন না। চুক্তি তো হয়নি, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং ও চুক্তি তো এক কথা নয়। এখানে কোনো চুক্তি হয়নি।’
ভারতের সঙ্গে চারটি এমওইউ এবং তিনটি প্রকল্প উদ্বোধন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে বলেন এমওইউ ও চুক্তির মধ্যে পার্থক্যটা কেন বোঝে না। তারা জেনেও কি না জানার ভান করছে? এমওইউকে কেন চুক্তি বলছে এখানে আমার প্রশ্ন। এখানে নাথিং সিক্রেট, এভরিথিং ইজ ওপেন সিক্রেট। এমওইউ কোনোটার সিক্রেসি কিছু নেই। এটা কোনো চুক্তি নয়।’
পেঁয়াজের দাম স্বাভাবিক হতে আর কতদিন অপেক্ষা করতে হবে জানতে চাইল তিনি বলেন, ‘পেঁয়াজ নিয়ে হাহাকার কমে যাবে, দুই-তিন দিনের মধ্যে পেঁয়াজ আসা শুরু করবে। ঘাটতি পূরণ হলে হাকাকারও কমে যাবে।’
