জিএম কাদেরের বিরুদ্ধে এরিকের জিডি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০২:৪৮ এএম

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ জাপার চেয়ারম্যান ও তার চাচা জিএম কাদের এবং তাদের অনুগতদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিরাপত্তাহীনতা, শারীরিক ও মানসিক অত্যাচার এবং নির্যাতনের অভিযোগ এনে গতকাল সোমবার তিনি গুলশান থানায় এ জিডি করেন। জিডি নম্বর ১২৮৮ (১৮ নভেম্বর ২০১৯)। গুলশান থানার

অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম কামরুজ্জামান জানান, এরশাদের ছেলে এরিক এরশাদ নিজের ও তার মা বিদিশা এরশাদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে একটি জিডি করেছেন। তাদের একজন ম্যানেজার এই জিডি নিয়ে এসেছিলেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা একজন তদন্তকারী নিয়োগ দেব। তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই জিডিকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন জিএম কাদের। তিনি দেশ রূপান্তরকে বলেন, এরিক একজন স্পেশাল চাইল্ড। এটা সে নিজে থেকে করেনি। করতে পারে না। কেউ তাকে দিয়ে এসব করাচ্ছে। আমি ঢাকার বাইরে। ফিরে এ ব্যাপারে বিস্তারিত কথা বলব।

এরশাদ-বিদিশা দম্পতির ছেলে এরিক। ২০০৫ সালে বিদিশার সঙ্গে বিচ্ছেদের পর আইনি লড়াই চালিয়ে এরিকের কর্র্তৃত্ব পেয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। এরপর এরিককে নিয়ে নিজের বারিধারার বাড়ি প্রেসিডেন্ট পার্কে থাকতেন তিনি। এরশাদ মারা যাওয়ার পর এখনো সে বাসাতেই আছেন এরিক। গত বৃহস্পতিবার হঠাৎ করে সেই বাসায় গিয়ে ওঠেন বিদিশা। এর আগে তিনি কয়েক দিন ধরেই এরিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। এরই মধ্যে গতকাল এই জিডি করলেন এরিক।

এরিক তার চাচা জিএম কাদেরকে উদ্দেশ্য করে তার নাম উল্লেখ না করে জিডিতে অভিযোগ করেন, আমার বাবার মৃত্যুর পর আমার সঙ্গে আমার চাচা ও তার অনুগতরা বিভিন্নভাবে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছেন। যার ফলে আমি ১৪ নভেম্বর আমার মা বিদিশা এরশাদকে আমার পিত্রালয় বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় ডেকে নিয়ে আসি। যেহেতু আমি এখন প্রাপ্তবয়স্ক সেহেতু আমার মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এখন থেকে আমি আর আমার মা এখানেই বসবাস করব।

জিডিতে এরিক আরও বলেন, আমার মতামত বিবেচনা করে চাচা ও তার অনুগতদের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে চিরকৃতজ্ঞ থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত