যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলাকালে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় চারজনের মৃত্যু হয়েছে। গত রবিবার ফ্রেশনো শহরের ওই হামলায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ
হন। গুরুতর আহত বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দেশটির পুলিশ বাহিনীর উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, রবিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে একটি ফুটবল ম্যাচ দেখতে ওই বাড়ির সদস্যরা বন্ধুবান্ধব নিয়ে উঠোনে জড়ো হন। এ উপলক্ষে সেখানে তারা একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় অজ্ঞাত এক সন্দেহভাজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হঠাৎ করে গুলি চালানো শুরু করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে হাজির হয়।
ফ্রেশনো পুলিশের ডেপুটি প্রধান বলেন, ‘এই হামলার ঘটনায় আমরা শোকাহত। এটি একটি সংজ্ঞাহীন ও অনর্থক সহিংসতা। হামলাকারীকে খুঁজে বের করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠানটিতে আনুমানিক ৩৫ জন অংশ নিয়েছিলেন। গুলিবর্ষণের পরপরই সবাই ছত্রভঙ্গ হয়ে যান। এতে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। নিহত সবার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।
হামলার পর পুরো শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। হামলার শিকার ওই বাড়ির প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে বন্দুকধারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, সেটি খতিয়ে দেখছেন দেশটির গোয়েন্দারা।
