যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের লাইসেন্সের মেয়াদ আরও ৩ মাস বৃদ্ধি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

হুয়াওয়ের সঙ্গে আরও তিন মাস ব্যবসা চালিয়ে যেতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে চীনা জায়ান্ট হুয়াওয়ে কর্র্তৃপক্ষ। ১৮ নভেম্বর এ অনুমোদন দেওয়া হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রাথমিকভাবে দুই সপ্তাহ মেয়াদি লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করলেও সেদিক থেকে সরে এসেছে ওয়াশিংটন। গত আগস্ট মাসের মতো এবারও ৯০ দিনের জন্য হুয়াওয়ের সঙ্গে ব্যবসার অনুমোদন নবায়ন করেছে দেশটি। চলতি বছরের মে মাসে জাতীয় নিরাপত্তার কথা বলে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির লেনদেনের সুবিধার্থে ৯০ দিনের জন্য সাময়িক অনুমোদন দেওয়া হয়। ওই সাময়িক অনুমোদনটির মেয়াদ শেষ হয় গত সোমবার (১৮ নভেম্বর)। হুয়াওয়ের লাইসেন্সের মেয়াদ নবায়ন করার আগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই ও হুয়াওয়ে টেকনোলজিসকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। শুধু অবিশ্বাস নয়, এ দুটি প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও বর্ণনা করেন তিনি। রয়টার্সের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলে ওয়্যারলেস নেটওয়ার্ক সম্প্রসারণে সরকারের ৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে এ দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন বার। যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে ৫-জি নেটওয়ার্ক স্থাপনে হুয়াওয়ের যন্ত্রপাতি ব্যবহার না করার জন্যও চাপ দিয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ইউরোপের অনেক দেশ হুয়াওয়ের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছে। তবে নতুন করে লাইসেন্স নবায়নের বিষয়ে হুয়াওয়ে কোনো মন্তব্য করতে চায়নি। এমনকি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগও কোনো মন্তব্য করেনি। গত কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র দেশটির প্রতিষ্ঠানগুলোকে চীনের হুয়াওয়ে টেকনোলজিসের কাছে পণ্য বিক্রি করার লাইসেন্স খুব শিগগির দেবে বলে মার্কিন বাণিজ্য বিষয়ক সম্পাদক উইলবার রস জানিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত