টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। টেস্ট সিরিজে কি পরিস্থিতি বদলাবে? প্রশ্নের উত্তর মিলবে ব্রিসবেনের গ্যাবায়। যেখানে রাত পোহালেই (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টা) শুরু প্রথম টেস্ট। অভিজ্ঞতা আর শক্তিতে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারুণ্যের গতিতে উজ্জীবিত পাকিস্তান।
ইংল্যান্ডের বিপক্ষে তুখোড় টেস্ট সিরিজ শেষে এবার ঘরের মাঠে টেস্ট খেলতে নামছে ক্যাঙ্গারুরা। ২-২ টেস্টে অ্যাশেজ ড্র করেছিল। স্বপ্নের ফর্মে ব্যাটিং করেছিলেন স্টিভেন স্মিথ। এবার পাকিস্তানের বিপক্ষেও কি তেমন ফর্মেই দেখা যাবে তাকে? নাকি তরুণ পাকিস্তানি পেসাররা স্মিথের বিপক্ষে সাফল্য পাবেন? নতুন কোচ কাম ম্যানেজার মিসবাহ-উল-হক অবশ্য স্মিথের বিপক্ষে সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। পেসারদের কী করতে হবে সেটা বলে দিয়েছেন তিনি। স্মিথকে আউট করার কৌশল জানাতে গিয়ে পাকিস্তানের নতুন কোচ বলেন, ‘অন্য সব সেরা ব্যাটসম্যানের মতো স্টিভেন স্মিথেরও ব্লাইন্ড স্পট আছে। বোলার হিসেবে সেই জায়গায় বল ফেলতে চাইবেন আপনি। ধারাবাহিকভাবে জায়গাটি খুঁজে বল করে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বোলাররা সেই পরিকল্পনা তৈরি করে ফেলেছে। ইনিংসের শুরুতে তা বাস্তবায়ন করতে হবে। কত বড় ব্যাটসম্যান ব্যাট করছে সেটা ব্যাপার না, আসল ব্যাপার হলো ঠিক জায়গায় (ব্লাইন্ড স্পট) বল রাখা।’ অস্ট্রেলিয়ার মাটিতে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। তাই এবার খেলতে নামার আগে কোনো চাপ অনুভব করছেন না দলের নতুন অধিনায়ক আজাহার আলি, ‘অস্ট্রেলিয়াতে আগের রেকর্ড আমাদের মোটেই চাপে রাখছে না। আগে আমরা এখানে (অস্ট্রেলিয়ার মাটিতে) সিরিজ জিততে পারিনি। তাই জেতাটাই এখন আমাদের মোটিভেশন। এই তরুণ দলটা খুব ক্ষুধার্ত। তারা চ্যালেঞ্জ নিতে চায়। আমরা সেরাটা দিতে চাই। ভালো খেলতে চাই। আর জেতার কথা ভাবতে চাই।’ ইন্টারনেট।
