লবণ-চাল নিয়ে গুজব সৃষ্টিকারীরা রেহাই পাবে না : কাদের

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০১:৪০ এএম

দেশে লবণ ও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এসব নিত্যপণ্য নিয়ে যারা গুজব ছড়াবেন তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, লবণ-চাল নিয়ে আজ গুজব সৃষ্টি করা হচ্ছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান

জানাব এসব গুজবে বিভ্রান্ত হবেন না। আমরা এখান থেকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যারাই এ ষড়যন্ত্র করছে তাদের কারও রেহাই নেই। তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, পেঁয়াজ, এরপর লবণ নিয়ে দেশে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। গুজব সৃষ্টি করে লবণের দাম বৃদ্ধির ষড়যন্ত্র করা হয়েছে। বাজারে অরাজকতা-অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এখান থেকে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টায় লিপ্ত। তারা এর মধ্যে আওয়াজ তুলেছে আগাম নির্বাচন চায়। আগাম নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে এটি তাদের মামাবাড়ির আবদার করার মতোই বক্তব্য। একটি বিরোধী দল এসব গুজব সৃষ্টি করছে, গুজবে উসকানি দিচ্ছে এটি আজ পরিষ্কার। এই মহলটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

দেশে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল থেকে সারা দেশে সরকারিভাবে নতুন ধান ক্রয়ের কার্যক্রম শুরু হচ্ছে। কোথাও কোনো সংকট নেই। এ সময় মিডিয়াসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘তারা আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন। আমি আশা করব, তাদের সমস্যার সমাধান হয়ে যাবে।’ এ সময় তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা সহনশীল হবেন। আমরা কাউকে শাস্তি দিতে চাই না। আইনের আওতায় আনতে চাই; এটা সবার জন্য জরুরি।’

এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম,  দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কাউকে শাস্তি দিতে সড়ক আইন করেননি শেখ হাসিনা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাউকে শাস্তি দিতে নতুন সড়ক আইন করেননি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ আইন করা হয়েছে জনস্বার্থে, প্রয়োগে বাড়াবাড়ি হবে না। গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, ধর্মঘট করে মানুষকে কষ্ট দেবেন না। সড়ক পরিবহন আইন মেনে চলুন। এ আইন কারও ক্ষতি করবে না। জনস্বার্থে এ আইন করা হয়েছে। সড়কের যে আইন হয়েছে সেজন্য আমি পরিবহন মালিক, শ্রমিক, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের অনুরোধ জানাব আইনটি মেনে চলুন। তিনি বলেন, শুধু জনগণের স্বার্থে, আপনাদের স্বার্থে সড়কে আজ শৃঙ্খলা দরকার। এ আইন সড়কের শৃঙ্খলার জন্য, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়। শেখ হাসিনা সড়কের আইন করেছেন কাউকে শাস্তি দিতে নয়। আইনের প্রয়োগ বাড়াবাড়ি হবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রমুখ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে, দুর্নীতির চক্র, দুর্র্বৃত্তায়নের চক্র ভেঙে দেওয়া পর্যন্ত এ অ্যাকশন চলতেই থাকবে। এ চক্র ভেঙে দিতে হবে। তিনি বলেন, এত উন্নয়ন, এত অর্জন, আমাদের নেত্রীর এত ত্যাগ, এত সাহস, এত সততাÑ এর সোনালি ফসল ঘরে তুলতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন আর অর্জনের কোনো দাম নেই যদি আচরণ খারাপ হয়। ভালো ব্যবহার না করলে ভালো উন্নয়নের দাম নেই। মানুষকে খুশি করাই আপনাদের কাজ।

ওবায়দুল কাদের বলেন, দল ভারী করার জন্য খারাপ লোকদের পকেটে আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কোকিল। বসন্ত আসলে আসবে ক্ষমতা, চলে গেলে পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। পেঁয়াজের দাম কমছে জানিয়ে তিনি বলেন, কয়েক দিনের মধ্যে পেঁয়াজের মূল্য স্বাভাবিক হবে। লবণ নিয়ে অনেকে কারসাজি শুরু করেছে খবর পাচ্ছি। সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বিএনপির আর কোনো ইস্যু নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এখন বেলা শেষ। শেষ বেলায় বিএনপির নেতারা ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। একটার পর একটা ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। বিএনপির হাতে আমরা কোনো ইস্যু দেব না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত