এবার চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে আগুন

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০২:৪৪ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদে গত মঙ্গলবার রাত ৯টার দিকে ইঞ্জিনে আগুন লাগলে দেখতে পেয়ে চালক ট্রেন থামিয়ে ফেলেন, তবে কোনো হতাহত হয়নি। চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন থেকে (আঞ্চলিক ট্রেন-১১৩) যাত্রীবাহী ট্রেনটি দোহাজারী স্টেশনের দিকে যাচ্ছিল।

জানা যায়, ট্রেনটি রাত ৯টার দিকে কাঞ্চননগর স্টেশনে যাত্রী নামিয়ে দোহাজারী স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি কাঞ্চননগর স্টেশন অতিক্রম করার

পরপরই হঠাৎ ইঞ্জিনে আগুন জ¦লে উঠে। চালক বিষয়টি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোহাজারী স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘কাঞ্চননগর স্টেশন ছেড়ে আসার পরপরই ইঞ্জিনের অ্যাডজাস্টারে আগুন ধরে যায়। চালক সময়মতো ট্রেনটি থামানোয় বড় দুর্ঘটনা ঘটেনি। এ অবস্থায় ট্রেনটি চালালে বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই ষোলশহর রেলস্টেশন থেকে রিলিফ ইঞ্জিন আনা হচ্ছে। আশা করছি, রাত ১টার আগেই ট্রেনটি দোহাজারী স্টেশনে আনা সম্ভব হবে।’ আগুন ধরে যাওয়া ইঞ্জিনে তেমন কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

এর আগে গত ১১ নভেম্বর রাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথার মধ্যে সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মানুষ। এরপর গত ১৪ নভেম্বের বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইঞ্জিনে আগুন লাগলে রংপুর এক্সপ্রেস নামের ট্রেনটি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত