দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন পালন করেছে বিএনপি। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন। একই সঙ্গে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তারা। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান জন্মগ্রহণ করেন।
বিগত ২০০৭ সালের মার্চ মাসে তৎকালীন
তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাগারে অসুস্থ হয়ে পড়লে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন নিয়ে ওই বছরের সেপ্টেম্বর মাসে সপরিবারে চিকিৎসার জন্য লন্ডন যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘কারাবান্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার চিকিৎসা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে সরকার। তিনি কী অবস্থায় আছেন সেটাও আমরা জানতে পারছি না। আজকে খালেদা জিয়া জেলখানায় আর দেশের সাধারণ মানুষ খোলা জেলে বন্দি রয়েছেন।’
স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেন, ‘রাজপথ দখলের চেষ্টা না করলে দেশের দুর্ভোগ কোনোদিন কমবে না। রাজপথে আন্দোলন না করে, দোয়া মাহফিলে সন্তুষ্ট করতে চাইলে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে প্রতারণা করা হবে।’
শ্যামপুর ও কদমতলীতে মেডিকেল ক্যাম্প : সকাল ১০টায় শ্যামপুর-কদমতলী থানা বিএনপির উদ্যোগে শ্যামপুর লাল মসজিদের সামনে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মাদ্রাসার এতিম ছাত্র ও দুস্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গুলশানে মহিলা দলের মিলাদ ও দোয়া : তারেক রহমানের জন্মদিন এবং খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে গতকাল গুলশানে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিবা আহমেদ খান, সাবেক এমপি শাহানা রহমান প্রমুখ।
