সগিরা হত্যার তদন্তে আরও ৬০ দিন পেল পিবিআই

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৩:২১ এএম

প্রায় ৩০ বছর আগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ হত্যার ঘটনায় হওয়া মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আরও ৬০ দিন সময় দিয়েছে হাইকোর্ট। পিবিআইয়ের

পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের করা এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘এ মামলায় বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি আলোচিত মামলা। তাই এ বিষয়ে আরও কিছু তদন্ত প্রয়োজন। পিবিআইয়ের পক্ষে আমরা তদন্তের সময় চেয়ে আবেদন করলে আদালত ৬০ দিন সময় দিয়ে ওই সময়ের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে।’   

সগিরা মোর্শেদ সালাম ১৯৮৯ সালের ২৫ জুলাই ভিকারুননিসা নূন স্কুলের সামনে খুন হন। এ ঘটনায় রমনা থানায় মামলা করেন তার স্বামী আবদুস সালাম চৌধুরী। পরে মন্টু নামে একজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ১৯৯১ সালে মন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় সংশ্লিষ্ট আদালত। সাক্ষ্যগ্রহণের সময় মারুফ রেজা নামে একজনের নাম আসায় অধিকতর তদন্তের আবেদন করে বাদীপক্ষ। পরে একই বছরের ২৩ মে অধিকতর তদন্তের আদেশ দেয় আদালত। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মারুফ রেজা। পরে একই বছরের জুলাইয়ে হাইকোর্ট এক আদেশে বিচারকাজ ও তদন্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে রুল দেয়। এর পরের বছর আগস্টে হাইকোর্ট এক আদেশে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারকাজ স্থগিত করে।   

এ মামলার বিচারকাজের ওপর থাকা স্থগিতাদেশ গত ২৬ জুন তুলে নিয়ে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তদন্ত শেষে পিবিআই জানায়, দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঈর্ষা থেকে খুন হন ছোট ভাইয়ের স্ত্রী সগিরা। ইতিমধ্যে গ্রেপ্তার সগিরার ভাশুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহীন (৬৪), শাহীনের ভাই আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯) এই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত