ভারতে প্রথম গোলাপি বল টেস্ট ম্যাচ। ভারত-বাংলাদেশ ক্রিকেট দলের এই ম্যাচ নিয়ে সরগরম কলকাতা। শুক্রবার ইডেনে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেখা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সংবাদ প্রতিদিন জানায়, ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে এদিন থাকছেন ভারত-বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও। যার মধ্যে আছেন শচীন টেন্ডুলকারদের মতো বাঘা সব সাবেক ক্রিকেটারও।
শুক্রবার গোলাপি বলের ম্যাচের সাক্ষী হতে আসছেন বলিউড তারকা রানি মুখার্জিও। এদিন সকালেই মুম্বাই থেকে কলকাতায় পা রাখবেন তিনি।
নানা কর্মব্যস্ততার মাঝেও ইডেনে বসে গোলাপি ম্যাচ দেখার সুযোগ মিস করতে চান না রানি। সে কথাই ‘দাদাগিরি’র মঞ্চে বিসিসিআই সভাপতিকে জানিয়েছিলেন তিনি।
সম্প্রতি পরবর্তী ছবি ‘মার্দানি ২’-এর প্রচারণায় কলকাতায় এসেছিলেন রানি। ছবিটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে। দাদাগিরির মঞ্চে ছবি ও চরিত্রে নিয়ে বলার সময় তিনি জানান, এই প্রথম তিনি ইডেনে বসে ক্রিকেট খেলা দেখতে আসবেন।
তবে রানি যে শুধু খেলা দেখতে আসছেন, এমনটা নয়। একই সঙ্গে ইডেনেও মার্দানি ২-এর প্রচারও করবেন বলে জানা গিয়েছে। যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ১৩ ডিসেম্বর।
