১৬৬ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১১:১৫ পিএম

ব্যাংকে তারল্য সংকট ও আস্থাহীনতায় চলতি বছরের শুরু থেকেই পুঁজিবাজারে দরপতন চলছে। বেশিরভাগ শেয়ারের দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে সাড়ে ১২ শতাংশ। টানা পতনে সাধারণ বিনিয়োগকারী ও বিদেশিরা শেয়ার বিক্রি করে দিলেও বিভিন্ন কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়তে দেখা গেছে। গত মাসে ১৬৬ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, যার পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ৩১১ কোম্পানির শেয়ারহোল্ডারদের ধরন অনুযায়ী প্রকাশিত পৃথক শেয়ার ধারণের হার পর্যালোচনায় এমন তথ্য মিলেছে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানি ৩১৯টি। এর মধ্যে ১০৬ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিছুটা কমেছে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শেয়ার ধারণের হার বিবেচনায় ৩৫ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মোট শেয়ার ধারণের হার ১ শতাংশের বেশি বেড়েছে, কমেছে ৩১টি থেকে। তবে টাকার অঙ্কে ১ কোটি টাকার ওপর নিট বিনিয়োগ হয়েছে ৯১ কোম্পানিতে, বিপরীতে নিট ১ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে ৫২ কোম্পানি থেকে।

পর্যালোচনায় দেখা গেছে, প্রাতিষ্ঠানিক শেয়ার কমায় শীর্ষে ছিল বীমা কোম্পানি। মার্কেন্টাইল, কন্টিনেন্টাল, প্রভাতীসহ অন্তত ২৬ বীমা কোম্পানি থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে। তবে পপুলার লাইফ, ইসলামিক ইন্স্যুরেন্সসহ কয়েকটি ইন্স্যুরেন্সে প্রাতিষ্ঠানিক শেয়ার বেড়েছে। ১৬৬ কোম্পানিতে বৃদ্ধি পাওয়া প্রাতিষ্ঠানিক শেয়ারের বাজারমূল্য ছিল প্রায় ৬২১ কোটি টাকা, বিপরীতে ১০৬ কোম্পানি থেকে নিট যে পরিমাণ শেয়ার কমেছে তার বাজারমূল্য ছিল প্রায় ২৭৮ কোটি টাকা।

দুই এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী গত মাসে তালিকাভুক্ত এসক্যোয়ার নিটে প্রাতিষ্ঠানিক শেয়ার সর্বাধিক ২৭ দশমিক ৬৫ শতাংশ (কোম্পানিটির মোট শেয়ার বিবেচনায়) বেড়ে ৪০ দশমিক ৩৩ শতাংশে উন্নীত হয়েছে। প্রকৃতপক্ষে এসক্যোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ও করপোরেট শেয়ারহোল্ডার এসক্যোয়ার ডাইং, এসক্যোয়ার এক্সেসরিজ এবং এসক্যোয়ার ইলেকট্রনিক্সের ধারণ করা ২৭ দশমিক ১৮ শতাংশকে এতদিন ভুল করে উদ্যোক্তা-পরিচালক শেয়ার হিসেবে দেখিয়ে আসছিল কোম্পানিটি। নভেম্বরে তা সংশোধন করার পর এ পরিবর্তন এসেছে। প্রকৃতপক্ষে কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার বেড়েছে ৬ লাখ ৩৪ হাজার বা মোটের মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ, যার বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা।

কোম্পানির মোট শেয়ার বিবেচনায় প্রকৃত হিসাবে গত মাসে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার সর্বাধিক ৭ দশমিক ০৮ শতাংশ বেড়েছে সাফকো স্পিনিংয়ে। গত সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ, যা অক্টোবর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ। যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। অবশ্য প্রাতিষ্ঠানিক শেয়ার উল্লেখযোগ্য পরিমাণ বাড়ার পরও গত মাসে শেয়ারটির দর ৩০ শতাংশ কমে ১১ টাকায় নেমেছিল।

প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার বাড়ার দিক থেকে পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে পপুলার লাইফ, সালভো কেমিক্যাল, ডেফোডিল কম্পিউটার্স এবং ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক। এর মধ্যে পপুলার লাইফে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার ৫ শতাংশ বেড়ে ১৫ দশমিক ৭৫ শতাংশে উন্নীত হয়েছে। অন্যগুলোতে ৪ শতাংশের বেশি বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত