শহরের খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ শিক্ষিকা নওশীন আহম্মেদ দিয়ার (২৯) মৃত্যুর ঘটনায় মামলার আসামিদের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিয়ার স্কুল ক্রিসেন্ট কিন্ডারগার্টেন ও তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এ সময় দিয়ার বাবা শিহাবউদ্দিন গেন্দু, শ্বশুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম তৈমুর, ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মরিয়ম আক্তার, স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মো. হাবিবউল্লাহ, মামলার আইনজীবী মো. মোশারফ হোসেন ও স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এরপর পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও সিভিল সার্জন বরাবরও স্মারকলিপি দেওয়া হয়। এর আগে গত সোম ও মঙ্গলবার একই দাবিতে শহরের প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন এবং মিছিল হয়।
গত ৩০ অক্টোবর আগাম অপারেশনের মাধ্যমে ডেলিভারি করা হয় দিয়ার। ৪ নভেম্বর শরীর খারাপ হলে তাকে ফের ওই হাসপাতালে নেওয়া হয়। তখন ভুল ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করেন চিকিৎসক।
