আফগানিস্তানকে সহজেই হারিয়ে দেশের মাটিতে প্রথম ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সৌম্য সরকারের অলরাউন্ড পারফরম্যান্সে আফগানদের ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে দরবিশ রাসুলির সেঞ্চুরিতে ৯ উইকেটে ২২৮ করে আফগানরা। জবাবে বাংলাদেশ ৩৯.৫ ওভারে ৩ উইকেটে ২২৯ করে ম্যাচ জিতে নেয়।
গত ২৪ সেপ্টেম্বর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। বৃষ্টির জন্য ম্যাচটি হয়নি। প্রায় এক মাস পর মিরপুরে ভিন্ন টুর্নামেন্টের সেমিফাইনালে আবারও মুখোমুখি দুই প্রতিপক্ষ। এবার আর প্রকৃতি বাদ সাধেনি। সেই সঙ্গে আফগানরাও বড় প্রতিরোধ গড়তে পারেনি। রাসুলির ব্যাটেই যা লড়াই করেছে তারা। ১২৮ বলে ১১৪ রানের ইনিংস খেলেছেন এই তরুণ। সৌম্যর ৩ উইকেটের সঙ্গে তরুণ পেসার হাসান মাহমুদও ৩ উইকেট নেন। জবাবে টপ অর্ডারের ব্যাটিং সাফল্যে সহজে ফাইনাল নিশ্চিত করেন নাজমুল হোসেন শান্তরা। অধিনায়ক নিজে ৬৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। এছাড়া সৌম্য ৫৯ বলে ৬১ ও দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়াসির আলি ৩৮ ও আফিফ ৪৫ করেন। কাল শনিবার সকাল ৯টায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইমার্জিং এশিয়া কাপ জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ২২৮/৯ (৫০ ওভার) (রাসুলি ১১৪, শাফাক ৩৪, তারিক ৩৩; হাসান ৩/৪৮, সৌম্য ৩/৫৮)। বাংলাদেশ : ২২৯/৩ (৩৯.৫ ওভার) (সৌম্য ৬১, শান্ত ৫৯, আফিফ ৪৫*, ইয়াসির ৩৮*; ওয়াসি ২/৪৬)। ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
