মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে বখাটের লাথির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার যশোরের উপশহর সারথী মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাকের (৪৫) বাড়ি একই এলাকায়। ঘটনার পর এলাকাবাসী বখাটে হোসেন আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
নিহত রাজ্জাকের ছেলে রাজন দেশ রূপান্তরকে জানান, তার বোনকে (২০) প্রায়ই উত্ত্যক্ত করত প্রতিবেশী হোসেন আলী। সম্প্রতি সে তার বোনের ছবি ও অন্য কারও সঙ্গে ফোনালাপ রেকর্ড করে অসঙ্গতিপূর্ণ সম্পর্কের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে ওই ফোনালাপ ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় হোসেন আলী। রজনী বিষয়টি তার বাবা-মাকে জানায়। এ নিয়ে গতকাল সকালে তাদের বাবা হোসেনের কাছে বিষয়টি জানতে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেনকে একটি চড় মারেন রাজ্জাক। এ সময় হোসেন বুকে লাথি মারলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। তখন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মিলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পরে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ সময় প্রতিবেশীরা হোসেনকে আটক করে। খবর পেয়ে পুলিশ রাজ্জাকের বাড়িতে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফের হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘স্থানীয়ভাবে জানতে পেরেছি, একটি অডিও রেকর্ড নিয়ে রাজ্জাকের মেয়েকে ব্ল্যাকমেইল করছিল হোসেন। এ নিয়ে গোলযোগের একপর্যায়ে হোসেনের লাথিতে রাজ্জাকের মৃত্যু হয়। এ অভিযোগে হোসেনকে আটক করা হয়েছে।’
