রাজশাহীতে আজ শনিবার থেকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পেঁয়াজ ৪৫ টাকা দরে কেজি বিক্রি করা হবে। নগরীর পাঁচটি পয়েন্টে এই পেঁয়াজ মিলবে।
তবে টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার গতকাল শুক্রবার রাত ৮টার দিকে জানান, এখনো পেঁয়াজ রাজশাহীতে আসেনি। আজ (শনিবার) দুপুরের মধ্যে পেঁয়াজ এসে পৌঁছলে তা বিক্রি শুরু হবে। আর তা না হলে আগামীকাল রবিবার থেকে এই পেঁয়াজ বিক্রি শুরু হবে। তিনি জানান, একজন ভোক্তা প্রতিদিন এখান থেকে সর্বোচ্চ ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কেজিপ্রতি খরচ পড়বে ৪৫ টাকা; যা বর্তমান খুচরা বাজারের চেয়ে ১০০ থেকে ১২০ টাকা কম। পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।
জানা যায়, স্থানীয় বাজারে ক্রেতাদের চাহিদা পূরণে টিসিবি প্রতিদিন পাঁচ টন পেঁয়াজ সরবরাহ করবে। প্রতি পয়েন্টে দেওয়া হবে ১ টন করে। এদিকে, বৃহস্পতিবার রাজশাহীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা দরে।
টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা থেকে পেঁয়াজভর্তি ট্রাক রওনা দেবে। যদি দুপুর ১টার আগে পেঁয়াজ রাজশাহীতে পৌঁছে যায় তাহলে আজ থেকেই বিক্রি শুরু হবে। আর যদি ১টার আগে না পৌঁছায় তাহলে আগামীকাল রবিবার থেকে পেঁয়াজ বিক্রি শুরু হবে।
তিনি আরও বলেন, নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্বর এলাকায় টিসিবির নির্ধারিত ডিলারদের মাধ্যমে খোলাবাজারে প্রতিদিন এই পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতিটি পয়েন্টে ১ টন করে মোট ৫ টন পেঁয়াজ প্রতিদিন দেওয়া হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। আর অনিয়মরোধে স্থানীয় ডিলারদের নিয়মিত মনিটরিং করবে টিসিবি। পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে।
