ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্মীয় শিক্ষক আটক

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১১:২০ পিএম

সীতাকুণ্ড সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. তারেক হোসেনকে (২৭) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে তারেক হোসেনকে আটক করে পুলিশ। এর আগে পিতা-মাতাসহ থানায় এসে ওই ছাত্রী তার নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

শিক্ষক তারেক হোসেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের ইলিয়াস খান ভূঁইয়া বাড়ির জহির আহমদের পুত্র।

ধর্ষিতার পরিবার অভিযোগ করে, গত ৭ অক্টোবর বেড়ানোর কথা বলে ওই ছাত্রীকে ধর্মীয় শিক্ষক মো. তারেক চট্টগ্রাম শহরের ফয়েজ লেকে নিয়ে যায়। পরে বিশ্রামের কথা বলে একটি হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানাতে নিষেধ করে, জানালে তার জীবনে বিয়ে হবে না বলে ভয় দেখায়। তাছাড়া ধর্ষণের কথা কেউ বিশ্বাস করবে না বলেও জানায়। এর কিছুদিন পর মেয়ের আচরণে অস্বাভাবিকতা দেখা দিলে পরিবারের সদস্যদের জেরার মুখে সব ঘটনা খুলে বলে সে।

ঘটনার সত্যতা স্বীকার করে সীতাকুণ্ড থানার ওসি (ইন্টেলিজেন্স) সুমন বণিক জানান অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত