ব্যবসায়ীদের জন্য ব্যাংকঋণ এখনো সহজলভ্য হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ব্যবসায়ীদের জন্য ঋণের সহজলভ্যতা এখনো একটি চ্যালেঞ্জ। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের বিকল্প হিসেবে পুঁজিবাজারে বন্ড মার্কেট স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান বলেন, দেশের বিনিয়োগ পরিবেশের আরও উন্নয়নে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সরকারের নেওয়া কর্মকা- যথাসময়ে বাস্তবায়ন সম্ভব হলে ২০২১ সালে বাংলাদেশ ব্যবসা পরিচালনার সূচকে দুই অঙ্কের ঘরে পৌঁছাবে।
সাম্প্রতিক সময়ে কৃষি খাতে অসাধারণ সাফল্য অর্জন করেছে। কৃষিপণ্যের বহুমুখীকরণ জরুরি হয়ে পড়ছে। প্রতিযোগী সক্ষমতায় টিকে থাকার পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় মানবসম্পদের দক্ষতা উন্নয়নে কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।
ঢাকা চেম্বারের সভাপতি ওসামা তাসীর বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান উন্নয়নে কঠোর পরিশ্রম করতে হবে। ডুইং বিজনেস ইনডেক্স ও কম্পিটিটিভনেস ইনডেক্সে উল্লেখজনক অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ প্রতিযোগিতার সক্ষমতায় উন্নয়ন করতে পারলে চামড়া, প্লাস্টিক পণ্য, সিরামিক, ফার্নিচার, পাট, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি খাতে আরও বিনিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিত করতে পারবে।
বিজিএমইএ সভাপতি রুবানা হক সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও দ্রুততর বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। তিনি পোশাক খাতের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে উদ্ভাবন, গবেষণা এবং উন্নয়নের ওপর জোরারোপ করেন। আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তিনি পোশাক খাত ছাড়াও অন্যান্য রপ্তানি খাতের পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণের প্রস্তাব করেন।
প্রাণ আরএফএলের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, প্রতিটি শিল্প খাতের বিদ্যমান করে তা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে বন্দর সমূহের আধুনিকায়ন ও সব সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের ওপর জোরারোপ করেন।
সেমিনারে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালক আবুল কাসেম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
