বুয়েট ভিসির আশ্বাস

শিগগিরই বাকি দুই দফা পূরণ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০১:০০ এএম

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যায় জড়িত ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের পর আন্দোলনরত শিক্ষার্থীদের বাকি দুই দফা দাবিও শিগগিরই পূরণ হবে বলে গতকাল শনিবার আশ্বাস দিয়েছেন বুয়েট উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সাইফুল ইসলাম। একই দিন ক্যাম্পাসে র‌্যাগিং নিষিদ্ধ, আবরার হত্যায় জড়িতদের বিচার ও ক্যাম্পাসে ভাস্কর্য নির্মাণসহ সাত দফা দাবিতে তাকে স্মারকলিপি দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। এর আগে আবরারের বাবার

উপস্থিতিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেন তারা।

গত ১৪ নভেম্বর সংবাদ সম্মেলন করে তিনটি দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। সেগুলো হচ্ছেÑ আবরার হত্যা মামলার অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্তদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার; আহছানউল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলে আগে ঘটে যাওয়া র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি এবং সাংগঠনিক ছাত্ররাজনীতি ও র‌্যাগিংয়ের জন্য সুস্পষ্টভাবে বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে শাস্তির নীতিমালা প্রণয়ন করে বুয়েটের অধ্যাদেশে সংযোজন। এরপর গত ১৮ নভেম্বর বুয়েট ভিসির সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।  আলোচনায় ওই দাবিগুলো পূরণে দুই সপ্তাহ সময় নেন ভিসি। এরপর গত বৃহস্পতিবার মধ্যরাতে ২৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে বুয়েট প্রশাসন।

বাকি দুই দফার বিষয়ে ভিসি বলেন, ‘আমরা দুই সপ্তাহ সময় নিয়েছিলাম। এর মধ্যে শিক্ষার্থীদের একটি দাবি আমরা পূরণ করেছি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে অন্য দাবিগুলো পূরণ করতে পারব।’

এদিকে গতকাল বুয়েটের সাবেক শিক্ষার্থীরা গতকাল ভিসিকে স্মারকলিপি দিয়েছেন। ক্যাম্পাসে র‌্যাগিং নিষিদ্ধ, আবরার হত্যায় জড়িতদের বিচার ও ক্যাম্পাসে ভাস্কর্য নির্মাণ, আবরারের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনাসহ সাতটি দাবি জানিয়েছেন তারা। এর আগে আবরারের বাবার উপস্থিতিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেন সাবেক শিক্ষার্থীরা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত