পাকিস্তানকে ইনিংসে হারাল অস্ট্রেলিয়া

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১২:৫৯ পিএম

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনই স্পষ্ট হয়ে ওঠেছিল পাকিস্তানের হারের সম্ভাবনা। সেটা যাতে ইনিংস হার না হয় সেজন্য বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে সব চেষ্টাই করে দলটি। কিন্তু অল্পের এড়ানো গেল না সে লজ্জা।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে রোববার টেস্টের চতুর্থ দিন শেষ বিকেলে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫ রানে হার মানে পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৪০ রানে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে যায় ৩৩৫ রানে।

১৭৩ বলে তেরো চারে সর্বোচ্চ ১০৪ রানের ইনিংস খেলেন বাবর আজম। ৯৫ রান করেন সাত নম্বরে ব্যাট করা মোহাম্মদ রিজওয়ান। কিন্তু অন্যদের ব্যর্থতায় বৃথা গেল তাদের ব্যাটিং নৈপুণ্য। অন্যদের মধ্যে শান মাসুদ (৪২), ইয়াসির শাহ (৪২) ও শাহিন শাহ আফ্রিদি (১০) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৬৩ রানে চার উইকেট নেন জশ হেইজেলউড। তিন উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি উইকেট নেন প্যাট কামিন্স।

ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ১৮৫ রান করা মার্নাস লাবুশেনে।

অ্যাডিলেডে ২৯ নভেম্বর অ্যাডিলেডে শুরু হবে দল দুটি মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওই টেস্টটি হবে দিবা-রাত্রির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত