বোয়ালখালীতে পাহাড় থেকে লোকালয়ে আসা হাতির পায়ে পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার কধুরখীল, চরণদ্বীপ ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– চরণদ্বীপের চাঁদেরহাট পূর্ব সৈয়দ নগর এলাকার জাকের হোসেন (৬৫), কধুরখীলের মধ্যম কধুরখীল শরীফ পাড়ার আবু তাহের মিস্ত্রী (৬৫) ও শ্রীপুর-খরণদ্বীপের জ্যৈষ্ঠপুরা এলাকার আব্দুল মাবুদ (৬০)।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দীন ফারুকী বলেন, তাহের গ্রামের চৌধুরীহাট বাজারের পাশে ও মাবুদ খরণদ্বীপ শান্তিবাজারের পাশের জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান। আর জাকের বাড়ির পাশের জমিতে কাজ করার সময় হাতি আক্রমণ করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, গত শনিবার করলডেঙ্গা পাহাড় থকে নয়টি হাতি লোকালয়ে আসে। দিনভর লোকালয়ে বিচরণ শেষে রাতে দুই ভাগে ভাগ হয়ে যায় পালটি। একটি দল এখনো কধুরখীল, পোপাদিয়া, শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় অবস্থান করছে বলেও জানান তিনি।
