তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা!

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৪:১৩ এএম

আশুলিয়ায় কাজলী (৪৫) নামে এক হিজড়া সরদারকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সকালে গাজীরচট এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সাভার অঞ্চলের হিজড়া সরদার আবদুল হিজড়া বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কাজলীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কয়েক মাস আগে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারযোগে তারা কয়েকজন হিজড়া রাজধানীতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের গাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়েছিল। এ ঘটনায় দায়ের মামলাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর রাখত কাজলী।’ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

কাজলীর সঙ্গীরা জানান, নয়াপাড়া এলাকার নিজের তিনতলা বাড়ির নিচতলার একটি কক্ষে থাকতেন কাজলী। সকালে আগুন লাগার খবর পেয়ে ওই বাসায় আসেন তারা। এ সময় কাজলীর পোড়া লাশ দেখে তারা পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানার ওসি শেখ রেজাউল হক দীপু জানান, হিজড়া সরদারের দগ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত