জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিল শুনানি হতে পারে আজ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৪:১৭ এএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল ও জামিন চেয়ে আপিল বিভাগে করা আবেদনের ওপর আজ সোমবার শুনানি হতে পারে। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় এটি শুনানির জন্য ২৮ নম্বরে রয়েছে। গত ১৪ নভেম্বর আপিল বিভাগে খালেদা জিয়ার আইনজীবীরা এ আবেদন করেন। আবেদনে হাইকোর্টের ওই আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার জামিন চাওয়া হয়।

খালেদা জিয়ার আইনজীবী সগির হোসেন লিয়ন দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল ও জামিন চেয়ে আবেদনের ওপর শুনানির জন্য মামলাটি কার্যতালিকায় রয়েছে। আমরা তার জামিন চাইব।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তবে হাসপাতাল থেকে এ সংক্রান্ত কোনো কাগজপত্র আমাদের দেওয়া হয়নি। তার অসুস্থতা নিয়ে গণমাধ্যমে যেসব প্রতিবেদন এসেছে সেসব যুক্ত করে আজ (গতকাল) একটি সম্পূরক আবেদন করেছি। অন্যান্য গ্রাউন্ডের সঙ্গে তার অসুস্থতার বিষয়টিও আমরা শুনানিতে তুলে ধরব।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ৩১ জুলাই খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের আদেশ দেয় হাইকোর্ট। এর আগে ৩০ এপ্রিল মামলায় তার আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। গত বছর ২৯ অক্টোবর ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াসহ মোট চার আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেয়। এর আগে ৮ ফেব্রম্নয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হলে তাকে রাখা হয় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে। এ মামলায় হাইকোর্টে আপিলের ওপর শুনানি শেষে গত বছর ৩০ অক্টোবর তার সাজা বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। মামলায় সাজা থেকে খালাস ও জামিন চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। কারাবন্দি খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত