পিতৃশোক ভুলে নাদালকে নিয়ে ডেভিস কাপ জিতলেন বাউতিস্তা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৯:৫২ এএম

তিনদিন আগে রোবের্তো বাউতিস্তা হারিয়েছেন তার বাবাকে। এমন ঘটনার পর স্পেন কিছুটা মুষড়ে পড়েছিল। কিন্তু সব শোক জয় করে রাফায়েল নাদালকে নিয়ে স্পেনকে ডেভিস কাপের শিরোপা জিতিয়েছেন তিনি।

হোমগ্রাউন্ড মাদ্রিদের পরিপূর্ণ গ্যালারির সামনে নাদাল ৬-৩ ৭-৬ (৯-৭) সেটে হারান কানাডার ডেনিস সাপোভালোভকে।

বাউতিস্তা ১৯ বছর বয়সী ফেলিক্স আউগার-অ্যালিয়াসাইমকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। এরপর নাদালের জয় স্পেনকে ২-০ লিডে ষষ্ঠ ডেভিস কাপের শিরোপা এনে দেয়।

ম্যাচ শেষে স্পেনের অধিনায়ক সের্গি ব্রুগুরা বলেন, ‘এই মুহূর্তের বর্ণনা করা কঠিন। কত অনুভূতি, কত আবেগ, এসব ফেলে দেওয়া যায় না।’

‘অবিশ্বাস্য। গতকালও রোবের্তো ওর বাবার শেষকৃত্যে ছিল। এখানে ফিরেই সবকিছু করল।’

নাদালের কথা উল্লেখ করে তিনি, ‘তার কথা বলে শেষ করা যাবে না। জানি না মানুষ কি না, নাকি এলিয়েন!’

টুর্নামেন্টের নতুন ফরম্যাটে ১৮টি দল এক সপ্তাহ ধরে স্পেনের রাজধানীতে লড়াই করেছে। গ্রুপ পর্ব ছিল রাউন্ড-রবিন পদ্ধতিতে। এরপর নকআউট।

আগে বছরজুড়ে দলগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত