জয়পুরহাটের আক্কেলপুরে মোমিনুল ইসলাম (২৪) নামে এক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শ্রীকৃষ্টপুর ঘোনাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোমিনুল পৌর এলাকার শ্রীকৃষ্টপুর ঘোনাপাড়া গ্রামের মৃত সাঈদুর রহমানের ছেলে। তিনি আক্কেলপুর পৌর ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীকৃষ্টপুর ঘোনাপাড়া গ্রামে মোমিনুলের একটি মুদি দোকান আছে। তিনি প্রতিদিনের মতো রবিবার রাতে দোকানদারি শেষে ওই দোকানের উপর তলায় ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাকে ঘুম থেকে ডেকে তুলতে দোকানে যায়। এ সময় তারা মোমিনুলের কোনো সাড়াশব্দ না পেয়ে দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকান ঘরের উপর তলায় তাকে অচেতন অবস্থায় দেখে। এরপর তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, ডাক্তারের কাছ থেকে জানা গেছে তিনি স্ট্রোক করে মারা যেতে পারে। প্রয়োজনে ময়নাতদন্ত করা হবে।
