কোচের পদ নিয়ে সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিবাদে জড়ানো সেই রবি শাস্ত্রী এবার প্রশংসায় মেতেছেন। বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্টের গুণগান গেয়েছেন টুইটারে।
গোলাপি বলে ভারতের প্রথম টেস্ট আয়োজন করার জন্য লিখেছেন, ‘কলকাতায় দুর্দান্ত পিংক শো। কোনো কমতি রাখেননি প্রেসিডেন্ট সৌরভ। ওয়েল ডান!’
২০১৬ সালে অনিল কুম্বলেকে বিরাট কোহলিদের কোচ হিসেবে নিযুক্ত করে বিসিসিআই। বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণ) আলোচনা করার পরেই কুম্বলেকে এই গুরুদায়িত্ব দেয়। শাস্ত্রী কোচিংয়ের সুযোগ না পাওয়ায় সৌরভকে দুষেছিলেন।
পরে বার কয়েক তাদের কথা কাটাকাটির খবর মিডিয়ায় আসে।
সৌরভ বিসিসিআই সভাপতি হওয়ার পর সেই পরিস্থিতি পাল্টে গেল।
অধিনায়ক কোহলিও এখন ‘দাদার’ প্রশংসা করছেন। তিনি ইতিমধ্যে বলেছেন, সৌরভই ভারতীয় ক্রিকেট পাল্টে দিয়েছেন।
