তেলে ব্যথা সারেনি, দুই বলিউড তারকাকে জরিমানা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০২:৪০ পিএম

আজব ঝামেলায় পড়েছেন জ্যাকি শ্রফ ও গোবিন্দ। বছর সাতেক আগে একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপনে মডেল হন তারা। এবার এরই জেরে আর্থিক জরিমানার মুখে পড়তে হলো দুজনকে।

জি নিউজ জানায়, ২০১২ সালে উত্তর প্রদেশের মুজফফরনগরের আইনজীবী অভিনব আগরওয়াল একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপন দেখে তার বাবা ব্রিজভূষণ আগরওয়ালের জন্য সেটি অর্ডার করেছিলেন।

তেল প্রস্তুতকারী সংস্থার দাবি ছিল, ১৫ দিনে ব্যথা না সারলে টাকা ফেরত দেওয়া হবে। ওই বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ৩ হাজার ৬০০ রুপি দিয়ে তেল কেনেন অভিনব।

ক্রেতার দাবি, ১৫ দিনে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। এ দিকে ওই ব্যথানাশক ভেষজ তেল প্রস্তুতকারী সংস্থাও তাদের প্রতিশ্রুতি রাখেনি। টাকা ফেরত দিতে অস্বীকার করে তারা। এরপরই ক্রেতা স্বার্থরক্ষা আদালতে মামলা করেন অভিনব আগরওয়াল।

সম্প্রতি ওই মামলার রায় দিয়েছে আদালত। রায়ে ঘটনার জন্য সরাসরি দায়িত্বপ্রাপ্ত পাঁচজনকে অর্থাৎ তেল প্রস্তুতকারী সংস্থা, সংস্থার দুই সেলিব্রিটি অ্যাম্বাসেডর গোবিন্দ ও জ্যাকি শ্রফ, প্রচারক সংস্থা টেলিমার্ট শপিং নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এবং ম্যাক্স কমিউনিকেশনকে ২০ হাজার রুপি জরিমানার নির্দেশ দিয়েছে।

এর সঙ্গেই ক্রেতার ওই তেলের দাম বাবদ ৩ হাজার ৬০০ রুপি এবং তার প্রতি বছরের ৯ শতাংশ হারে সুদসহ সমস্ত আইনি খরচ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত