ফল আসতে একটু সময় লাগবে, তবে আসবেই: রাহী

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৫:৩৭ পিএম

ভারত সফরে বাংলাদেশের একরাশ হতাশার মাঝে যা একটু প্রাপ্তি আবু জায়েদ রাহীর বোলিং। ইন্দোরে ৪ উইকেট নেওয়ার পর কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে নেন ২ উইকেট। তবে দুই ম্যাচেই দলের ইনিংস ব্যবধানে হারের ফলে রাহী পারেননি তৃপ্তির হাসি হাসতে।

অবশ্য নিজের পারফরম্যান্স আরো ভালো হতে পারত বলে মনে করেন ডানহাতি পেসার রাহী। একই সঙ্গে বিশ্বাস করেন দল এই সফরের হতাশা কাটিয়ে উঠবে দ্রুতই, ‘আরেকটু ভালো হতে পারত। পেস বোলিং যেহেতু দলের জন্য গুরুত্বপূর্ণ, যদি আমরা আরেকটু ভালো করতাম তবে সেটা দলের জন্য আরও ভালো হতো।’

ইডেন গার্ডেন্সে প্রথমবার গোলাপি বলে খেলেছে বাংলাদেশ। ভারতের জন্যও অবশ্য সেটি ছিল প্রথম অভিজ্ঞতা। রাহী গোলাপি বলের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘গোলাপি বলের অভিজ্ঞতা বলতে গেলে ভালো। যেহেতু বলটা একটু বাড়তি সুইং করে। বিশেষ করে পেস বোলারদের জন্য ভালো। এ থেকে আমরা শিক্ষা নিয়েছি। আশা করি ভবিষ্যতের টেস্টগুলোতে আরও ভালো হবে।’

টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচটাই জয় দিয়ে শুরু করলেও টেস্টে একেবারে নাজেহাল হয়েছে বাংলাদেশ। রাহী বলছেন দল এই হতাশা কাটিয়ে উঠবে দ্রুতই, ‘অবশ্যই আমরা নিজেরা এ নিয়ে কথা বলি। যেহেতু আমি পেসার, আমাদের বিভাগ নিয়েই বলব। এখানে আমরা এসব নিয়ে কাজও করি। হয়তো ফল আসতে একটু সময় লাগবে, তবে আসবেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত