এসএ গেমসের ক্যাম্পে নারী বাস্কেটবল দলের কোচের বিরুদ্ধে এক খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এক খেলোয়াড় ক্যাম্প থেকে সরেও দাঁড়ান। একটি ভিডিও ফুটেজসহ কোচ সবুজ মিয়ার বিরুদ্ধে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বরাবর অভিযোগ করেন সেই খেলোয়াড়ের বাবা। যে ভিডিও ভাইরাল হয় পরবর্তীতে।
অভিযোগকারী এবং অভিযুক্ত দুই পক্ষকেই সোমবার ডেকেছিল বিওএ। দু’পক্ষের কথা শুনে কোচকে সাময়িক বরখাস্ত করেছে বিওএ। একই সঙ্গে বিষয়টি বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনকে মীমাংসা করার জন্য বলেছে দেশের ক্রীড়া ফেডারেশনদের অভিভাবক সংস্থা।
দু’পক্ষের সঙ্গে কথা বলে বিওএ’র সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আমরা দু’পক্ষেরই কথা শুনেছি। এ রকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই ঘৃণিত। আমরা ফেডারেশনকে বলেছি ২ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য। এই সময়টায় এসএ গেমসের ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করতে পারবেন না অভিযুক্ত কোচ।’
এসএ গেমসে এবার প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ মহিলা বাস্কেটবল দল।
