ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হয়েছে আরও ৪ নারী-পুরুষ। গতকাল সোমবার ভোরে মাঠপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জলুলী বিওপির একটি টহল দলের সদস্যরা তাদের আটক করে। পরে অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান দেশ রূপান্তরকে জানান, মাঠপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক
৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তারা প্রত্যেকেই নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন।
এ নিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় মোট ২২৯ জনকে আটক করল বিজিবি।
সম্প্রতি ভারত থেকে নানাভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। দেশটির আসামে গত ৩১ আগস্ট নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের পর থেকেই বিভিন্ন সময়ে ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার সীমান্ত দিয়ে মাঝেমধ্যেই দুয়েকটি পরিবার দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে সীমান্ত পার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে এ মাসের শুরু থেকে এই অনুপ্রবেশের সংখ্যা কিছুটা বেড়েছে বলে সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন।
