রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজির প্রশ্নপত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ওপর একটি প্যাসেজ দিয়ে উত্তর দিতে বলা হয়েছে। গতকাল সোমবার এই পরীক্ষা হয়েছে। প্রশ্নপত্রে আবরারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্যাসেজটির বাংলা অনুবাদ করলে এমন দাঁড়ায়, ১৯৯৯ সালে কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন আবরার ফাহাদ। তার বাবার নাম বরকতুল্লাহ এবং মাতা
রোকেয়া খাতুন। তার ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি বাবা-মায়ের প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন। ছাত্র হিসেবেও ছিলেন খুব মেধাবী ও বুদ্ধিমান। তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। নিজের স্বপ্ন পূরণের জন্য বুয়েটে ভর্তি হন আবরার। তিনি বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলে থাকতেন। ২০১৯ সালের ৭ অক্টোবর তিনি অপ্রত্যাশিতভাবে হত্যাকাণ্ডের শিকার হন। শৈশব থেকেই আবরার ফাহাদ নম্র-ভদ্র ও ধর্মীয় জীবনযাপন করতেন।
এই প্যাসেজের আলোকে প্রশ্নপত্রে কয়েকটি প্রশ্ন দিয়ে উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নপত্রে আবরারকে নিয়ে এমন বিষয় রাখার কারণ জানতে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে শিক্ষার্থীদের দাবির মুখে ১১ অক্টোবর বুয়েট ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য সাইফুল ইসলাম। ওই ঘটনায় বুয়েটের ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।’’’
