নিরাপত্তা নাই সুবর্ণচরের সেই নারীর

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৫:২৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার হওয়া নারী পারুল আক্তার নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছেন। গতকাল সোমবার ‘আমরাই পারি জোট’-এর ব্যানারে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতীকী অনশনে এ কথা জানান তিনি।

অভিযোগ রয়েছে, গত বছর ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে রাতে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন ও তার সহযোগীদের কাছে ধর্ষণের শিকার হয়েছিলেন সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্যা গ্রামের নারী পারুল আক্তার। পরে তার স্বামী সুবর্ণচর থানায় রুহুল আমিনকে আসামি করে মামলা করেন। আলোচিত এ মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে। অভিযোগপত্রে রুহুল আমিনসহ ১৬ জনকে আসামি করা হয়। ধর্ষণের আসামি হওয়ার পর তাকে বহিষ্কার করা হয় দল থেকে।

পারুল আক্তার বলেন, আমার সাক্ষীদের ওরা টাকা দিয়ে কিনে নিয়েছে। তাদের ওরা সাক্ষী দিতে মানা করছে; বলছে, সাক্ষী দিলে পারুলের মতো করবে। এখন আমি সরকারের কাছে এর ন্যায়বিচার চাই। তিনি বলেন, ধর্ষণের পর চিকিৎসা নিতে জেলা সদরে যেতে আমাকে বাধা দিয়েছিলেন রুহুল আমিন। কেউ আমার খোঁজ-খবর নেয় না।

অনুষ্ঠানে ‘আমরাই পারি জোট’-এর চেয়ারপারসন, মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, শুধু গত ১০ মাসে পাঁচ হাজারের ওপর নারী ধর্ষণের        

শিকার হয়েছে। এ পরিসংখ্যান শোনার পরও আমরা কেন প্রতিবাদী হয়ে উঠিনি? কারণ আমাদের মানসিক অবস্থা এমন হয়েছে যে, বিচার চাইলেও পাব না। আমরা বিভিন্ন সময় এসব নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করছি, বিভিন্ন জায়গায় কথা বলছি, কিন্তু নির্যাতন বেড়েই চলছে। এর প্রধান কারণ আমরা বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করে ফেলেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত