বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, হীরক রাজার রাজত্বের মতো শাসন চলছে বলেই বাংলাদেশে আইনের শাসন ও সুষ্ঠু বিচারব্যবস্থা তিরোহিত হয়ে গেছে। গতকাল সোমবার বিএনপি নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ কথা বলেন। হেলাল গতকাল ঢাকা মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র ম-লের আদালতে আত্মসমর্পণ করে নাশকতার মামলায় জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, সরকারের এখন টিকে থাকার উপায় হিসেবে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করছে। কারাগারগুলো বিএনপি নেতাদের দিয়ে ভর্তি করছে। আইন-আদালতকে কব্জায় নিয়ে বিএনপি নেতাকর্মীদের সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে। সরকারের হুকুমেই বিচার, আদালতের কার্যক্রম চলে বলেই জামিনে থাকা আজিজুল বারী হেলালের ঠিকানা হয়েছে কারাগারে। তিনি বলেন, এভাবে গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না, অপশাসন দীর্ঘায়িত করা যাবে না। বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে হেলালের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
