লাখ ছুঁই ছুঁই ডেঙ্গু রোগী, আরও ১ জনের মৃত্যু

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৫:৩৩ এএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। গতকাল সোমবার নতুন করে আরও ১১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সরকারি হিসাবে এ বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশের মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৯ হাজার ৬৫৭ জন।

এদিকে গতকাল ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারের রোগতত্ত্ব,

রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৪টি মৃত্যুর মধ্যে ১৯৩টি পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তবে গণমাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আরও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে ১১২ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৯২ জন। নতুন আক্রান্ত রোগীর মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন আর ঢাকা শহরের বাইরে সারা দেশে ৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে ৫৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে ঢাকায় ২৪৫ জন এবং ঢাকার বাইরে ২৭৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় এর সংখ্যা ছিল ৫৩৬ জন।

গোপালগঞ্জে ডেঙ্গুজ্বরে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মামুন আলম (৪২)-এর মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ইউনিট কমিটি শোক ও সমবেদনা জানিয়েছে।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহসিনউদ্দিন সিকদার জানান, প্রায় এক সপ্তাহ যাবৎ আল মামুন জ্বরে ভুগছিলেন। রবিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত দাউদ মোল্লার ছেলে। গতকাল সোমবার জোহরের নামাজের পর জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত