মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের ইনিংসে হারের টেস্টে ইংলিশ পেসার জোফরা আর্চারের বর্ণবাদের শিকার হওয়ার ঘটনাটায় বেশ নড়েচড়ে বসেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দেশটির ক্রিকেট বোর্ড বর্ণবাদী মন্তব্য করা ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাশাপাশি এই ঘটনায় জোফরা আর্চারের কাছে ক্ষমা চাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা। কেন উইলিয়ামসনও জানিয়েছেন, তিনি দ্বিতীয় টেস্টের আগে আর্চারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে ক্ষমা চাইবেন।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মাঠে এই ধরনের অভিজ্ঞতা হওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। পরবর্তী টেস্টে এ বিষয়ে আরো কড়া নজরদারি করা হবে। পাশাপাশি তারা এও জানিয়েছে এই ধরনের অবমাননাকর ও আক্রমণাত্মক শব্দের ক্ষেত্রে নিউজিল্যান্ড ক্রিকেট জিরো টলারেন্স নীতি মেনে চলে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের সাহায্য নিবে। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে সনাক্ত করবে।
সোমবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে আউট হয়ে ফেরার সময় বর্ণবাদী মন্তব্যের শিকার হন আর্চার। গ্যালারি থেকে কোন ব্যক্তি তাকে বর্ণবাদী মন্তব্য করেছে সেটা অবশ্য তিনি দেখতে পাননি। তবে এই ঘটনায় বেশ ব্যথিত হয়েছেন।
ওই ঘটনার পর আর্চার টুইট করে বলেন, “আজ দলকে রক্ষা করতে ব্যাট করার সময় বর্ণবাদী মন্তব্য শোনার বিষয়টা কিছুটা বিরক্তিকর ছিল। একমাত্র ওই ব্যক্তিটি ছাড়া এই সপ্তাহে দর্শকরা ছিল দারুণ।”
এমন ঘটনায় নিউজিল্যান্ড ক্রিকেট দলও ব্যথিত। তারা এক টুইট বার্তায় জানিয়েছে, ‘আজকের ম্যাচে জোফরা আর্চার যে বাজে মন্তব্যের শিকার হয়েছে সেই ঘটনায় আমরা যারপরনাই ব্যাথিত ও হতাশ হয়েছি। ইংল্যান্ড আমাদের প্রতিপক্ষ হতে পারে, তবে তারা আমাদের বন্ধুও। বর্ণবাদী মন্তব্য কখনো মেনে নেওয়া যায় না।
