জমে উঠেছে স্মিথ-কোহলি দ্বৈরথ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৬:২০ পিএম

স্টিভেন স্মিথ ও বিরাট কোহলিকে বলা হয় সময়ের দুই সেরা ব্যাটসম্যান। দুজনের মধ্যে কে সেরা এই বিতর্কও চলে। মাঝে বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ায় কোহলির চেয়ে কিছুটা পিছিয়েই পড়েন স্মিথ। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত। বিশেষ করে অ্যাশেজে রানের ফোয়ারা ছুটিয়েছেন এই ব্যাটার। তাতে বিরাট কোহলিকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানটা দখলে নেন স্মিথ।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটা নিয়ে স্মিথ ও কোহলির মধ্যে এখন দারুণ একটা লড়াই চলছে। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে যেমন দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি ব্যবধান কমিয়ে এনেছেন স্মিথের সঙ্গে।

শীর্ষে থাকা স্মিথের রেটিং পয়েন্ট যেখানে ৯৩১, দুইয়ে থাকা কোহলির পয়েন্ট ৯২৮। অর্থাৎ মাত্র ৩ পয়েন্ট ব্যবধান দুজনের মধ্যে।

৩১ বছর বয়সী কোহলি এখন পর্যন্ত ৮৪টি টেস্ট খেলেছেন। তার রান ৭২০২। ২৭টি সেঞ্চুরির সঙ্গে ২২টি ফিফটি ভারত অধিনায়কের নামের পাশে।

অন্যদিকে ৩০ বছর বয়সী স্মিথ খেলেছেন ৬৯ টি টেস্ট। কোহলির চেয়ে ১৫ টেস্ট কম খেলে রান সংখ্যায় খুব বেশি পিছিয়ে নেই স্মিথ। ২৬ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৬৯৭৭ রান স্মিথের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত