১৯৮৪ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই সমিতি গঠনের প্রস্তাবনা করেন নায়ক সোহেল রানা, প্রতিষ্ঠা করেন নায়ক ফারুক এবং সমিতি গঠনে সহায়তা করেন নায়ক উজ্জ্বল। এই তিনজনের উদ্যোগে গঠিত শিল্পী সমিতির প্রথম সভাপতি হন নায়করাজ রাজ্জাক, সাধারণ সম্পাদক হয়েছিলেন আহমেদ শরীফ।
এদিকে শিল্পী সমিতির যাত্রা শুরুর ৩৫ বছর পর এসে উদ্যোক্তাদের নামে তৈরি করা হলো নাম ফলক। উদ্যোক্তাদের প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতির প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত এই তিন গুণীজনকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।’
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিল্পীদের নানা সমস্যা, অভিযোগ ও দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যাত্রা শুরু হয়। গত ৩৫ বছরের পথচলায় চলচ্চিত্রের উন্নয়নে নানা মুখী কাজের সঙ্গে জড়িয়ে আছে এই সমিতি।
